
যশোরের ভবদহ অঞ্চলে আবারও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য তৈরি বিল খুকশিয়ার জোয়ারাধার (টিআরএম) বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচ বছরেও বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ অবস্থায় জোয়ারের সঙ্গে আসা পলি জমে এই অঞ্চলের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম শ্রী, হরি ও টেকা নদী ভরাট হয়ে যাচ্ছে।
এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শিগগিরই জোয়ারাধার চালু না করলে আসন্ন বর্ষা মৌসুমের আগেই পলি জমে ওই তিনটি নদীর তলদেশ উঁচু হয়ে পড়বে। তখন বৃষ্টির পানি জমে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং যশোর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে।
মনিরামপুরের কপালিয়া গ্রামের কৃষক ভক্ত মণ্ডল বলেন, ‘মাত্র দেড় মাসে গাঙ (নদী) আড়াই থেকে তিন ফুট ভরে গেছে। এ অবস্থা চলতি থাকলি কোনোভাবেই গাঙ আর বাঁচবে না।’
জোয়ারাধার কী: জোয়ারাধার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের শত শত বছরের পুরোনো নিজস্ব উদ্ভাবিত একটি কৃষিপদ্ধতি। অতীতে কৃষকেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে বাঁধ দিয়ে লোনাপানি ঠেকিয়ে আবাদ করতেন। আবাদ শেষে বাঁধ কেটে জোয়ারে পলি তুলে বিল উঁচু করে নিতেন। এর নাম অষ্টমাসী বাঁধ। মাঘী পূর্ণিমায় বাঁধ দিয়ে আষাঢ়ী পূর্ণিমায় তা খুলে দেওয়া হতো। এভাবে একসঙ্গে চলত চাষাবাদ ও ভূমি গঠনের কাজ।
পাউবো জানায়, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে জোয়ারের সঙ্গে আসা পলি পর্যায়ক্রমে এলাকার একটি করে বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ২০০৬ সালে ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়। সিদ্ধান্ত হয়, প্রতি বিলে তিন বছর ধরে জোয়ারাধার চলবে। ওই বছরই সেনাবাহিনীর তত্ত্বাবধানে হরি, শ্রী ও টেকা নদী পুনঃখনন এবং আমডাঙ্গা খাল সংস্কার করা হয়। এপ্রিল মাসে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বিল খুকশিয়ার ৮৪৬ হেক্টর জমিতে জোয়ারাধার চালু করে পাউবো।
জোয়ারাধার চলাকালে ওই বিলে কোনো ফসল হবে না। এ কারণে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় পাউবো। এ জন্য তিন কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয় পাউবো।
কৃষকেরা জানান, বিলে কৃষকের সংখ্যা পাঁচ হাজারের বেশি। কিন্তু তালিকাভুক্ত করা হয় মাত্র এক হাজার ৮২ জনকে। তাঁদের মধ্যে মাত্র ৫১১ জন কৃষক এক কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৮৭৪ টাকা ক্ষতিপূরণ পান। এ ছাড়া ২০০৮ সাল পর্যন্ত তিন বছর বিল খুকশিয়ায় জোয়ারাধার চালুর কথা থাকলেও তা প্রায় আট বছর চলে। জোয়ারাধারের কারণে ক্ষতিগ্রস্ত

কৃষকদের দাবির মুখে ২০১৩ সালের ২২ জানুয়ারি বিল খুকশিয়ার জোয়ারাধার বন্ধ হয়ে যায়। এদিকে ২০০৯ সালে বিল কপালিয়ায় পরবর্তী জোয়ারাধার চালুর কথা থাকলেও আজও সেখানে কাজ শুরু করতে পারেনি পাউবো।
‘এবার বিপদ হয়ে যাবে’: খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের কৃষক জিয়ার আলী বলেন, ‘খুকশিয়ার বিলে আমার দেড় বিঘা জমি আছে। টিআরএম চলায় আট বছরে এক ছটাকও ফসল পাইনি। ফসলের কোনো ক্ষতিপূরণও পাইনি। তবে ক্ষতি হলেও টিআরএম চালু থাকায় এলাকায় জলাবদ্ধতা হয়নি। টিআরএম বন্ধ হয়ে যাওয়ায় নদীর ৩ ভাগের ২ ভাগ অংশ পলিতে ভরাট হয়ে গেছে। এবার বিপদ হয়ে যাবে।’
বিল কপালিয়ায় অভয়নগরের কালিশাকুল গ্রামের কৃষক কালিদাস মণ্ডলের এক বিঘা জমি আছে। ওই জমিতে তিনি বোরো ধান লাগিয়েছেন। তিনি বলেন, ‘টিআরএম হলি বিলি ফসল হবে না। আর না হলি জলে বাড়িঘর তলায়ে যাবে। কোন দিকে যাব!
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী বলেন, ‘নদীতে ব্যাপক হারে পলি পড়ছে। আগামী বর্ষা মৌসুমের আগেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় টিআরএম চালু করতে হবে। তা না হলে সাধারণ মানুষকে নিয়ে আমরা আবার আন্দোলন শুরু করব।’
পাউবোর বক্তব্য: ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের পরিচালক পাউবোর খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যশোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ সার্কেল) দীপক কুমার সরকার বলেন, ‘ভবদহ অঞ্চলের কোনো বিলেই বর্তমানে জোয়ারাধার চালু নেই। ফলে নদীতে বিপুল পরিমাণে পলি পড়ছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নদী দিয়ে বের হতে না পারায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে। পলি যাতে সর্বত্র ছড়িয়ে পড়তে পারে, সে জন্য আমরা এলাকার সব স্লুইসগেট খোলা রেখেছি।’
বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর ব্যাপারে প্রকৌশলী বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জোয়ারাধার-বিরোধীদের বাধার মুখে তা সম্ভব হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জোয়ারাধার নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি।’