আবারও দুহাত ভরিয়ে দিতে প্রস্তুত চট্টগ্রাম
চট্টগ্রাম বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সব সময়। এই চট্টগ্রামে প্রথম টেস্ট জয়। আবার চট্টগ্রামে ২০১১ বিশ্বকাপে দুটি তাৎপর্যপূর্ণ জয়; ভুলবেন কীভাবে মুশফিকেরা। বন্দরনগরে আবারও বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও বাংলাদেশের দুটি ম্যাচ এখানে। কঠিন সময় পার করতে থাকা স্বাগতিকদের প্রেরণার নাম হতে পারে এই বীর প্রসবনী চট্টগ্রাম।
রোববার এই আসরের মধ্য দিয়ে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের টি-টোয়েন্টিতে অভিষেক হবে। ১৮ ও ২০ মার্চ যথাক্রমে নেপাল এবং হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্বের এই ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। অবশ্য তার আগে রোববার ঢাকায় প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে হবে মুশফিকদের। মূলপর্বে যেতে হলে দুই দলেরই ওই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। একই গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল নেপাল ও হংকংয়ের বিপক্ষেও কে হারতে চাইবে!
তবে ওই দুটি দলও যে তাকিয়ে আছে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার দিকে। হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসন তো সেদিন চট্টগ্রামে বলেই ফেললেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশকে হারানো সম্ভব। ক্রিকেটে যেকোনো দিন যেকোনো কিছু ঘটতে পারে।’
হংকং ক্রিকেটের নবীন সদস্য। এখনো সেই অর্থে পেশাদারি আসেনি। নেই ক্রিকেট অবকাঠামোও। একই অবস্থা নেপালেরও। দুই দেশেই ফুটবল বলতে অজ্ঞান মানুষ। সেখানে বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তাদের অগ্নিপরীক্ষাই বটে। ঢাকায় সদ্য সমাপ্ত এশিয়া কাপে স্বাগতিকদের হারানোর পর আফগানরা যেমন আবার জয়ের স্বপ্ন দেখছেন, তেমনি গ্রুপের ছোট দুটি দেশও ‘অঘটন’-এর দিকে তাকিয়ে রয়েছে।
তবে তারা কী জানে চট্টগ্রামে বাংলাদেশ অন্য রকম। বিশদভাবে বলতেই হচ্ছে। ২০১১ বিশ্বকাপে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাস্তানাবুদ হয়ে চট্টগ্রাম আসে বাংলাদেশ দল। ৫৮ রানে অলআউট হয়েছিল স্বাগতিকেরা। চট্টগ্রামে এসেই ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেটে জয়। পরের ম্যাচে হল্যান্ডকে উড়িয়ে দেয়। ওই দুটি জয়ের পর স্বাগতিকদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নও উজ্জ্বল হয়েছিল। সেবারও ম্যাচ দুটি হয়েছিল স্বাধীনতার মাসে। আরেক মার্চে আবারও টাইগার বাহিনী চট্টগ্রামে আসছে। আরেকটি তথ্য প্রতিপক্ষেরও জেনে রাখা ভালো। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ১৩টি এক দিনের ম্যাচের সাতটিতে জিতেছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপে বিধ্বস্ত বাংলাদেশের সামনে তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের অংশ চট্টগ্রামও। চট্টগ্রাম আবারও দুহাত ভরে দেওয়ার জন্য প্রস্তুত। তবে আসার আগে যেন প্রথম ম্যাচটা পকেটে পুরেই আসে। নইলে চট্টগ্রাম-জয় অর্থহীনও হয়ে যেতে পারে।