আবারও নকল ওষুধ কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদনগর এলাকার একটি দোতলা বাড়িতে গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপককে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম ওই অভিযান চালান।
ইউএনও আবদুর রহিম বলেন, গতকাল ওই আবাসিক বাড়ির নিচতলায় অভিযান চালানো হয়। এ সময় ঘরের স্যাঁতসেঁতে মেঝেতে নোংরা পানির সঙ্গে কাপড়ের রং, সেকারিন ও গ্লুকোজ মিশিয়ে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের কাশির সিরাপ, ভিটামিন ‘বি’ কমপ্লেক্স সিরাপ ও লেমন শরবত। কারখানায় কোনো কেমিস্ট বা ওষুধ তৈরির বৈধ অনুমোদন ছিল না। ‘লিবারেট ল্যাবরেটরিজ’ নামে একটি প্রতিষ্ঠান সাইনবোর্ড টাঙিয়ে সেখানে শিশু ও বয়স্ক রোগীদের জন্য ১০ থেকে ১২ ধরনের সিরাপ তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় বেশ কয়েকজন নারী শ্রমিক রং মেশানোর পানির সঙ্গে সেকারিন ও গ্লুকোজ গুলিয়ে বোতলে ভরে নানা ধরনের সিরাপের মোড়ক লাগাচ্ছিলেন। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাজারজাত করার জন্য মজুত করা আরও পাঁচ-ছয় ধরনের বোতলজাত সিরাপ। তবে সাইনবোর্ডে সরকার অনুমোদিত লাইসেন্স নম্বর উল্লেখ ছিল।
এ ঘটনায় নকল ও ভেজাল ওষুধ তৈরির দায়ে কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমানকে আটক করার পর এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মিজানুরের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিউ সোনাতলা গ্রামে।
সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, কারখানাটি বৈধ না অবৈধ তা জেলা স্বাস্থ্য বিভাগের জানা নেই।
এক সপ্তাহ আগে শহরের চকমালগ্রাম এলাকা থেকে শক্তিবর্ধক পানীয়সহ নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এসব ওষুধ ও পানীয়র মোড়কে বিএসটিআই অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরীক্ষিত বলে উল্লেখ করা ছিল।