আবারও নিখোঁজ হচ্ছেন তরুণেরা, সতর্ক থাকার অনুরোধ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে নয় তরুণ নিখোঁজ হওয়ায় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগ আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে। পাশাপাশি কেউ নিখোঁজ হলেই পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।

গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ার ঈদ জামাতে হামলার পর সন্দেহজনকভাবে নিখোঁজ তরুণদের ব্যাপারে সারা দেশে খোঁজ শুরু হয়। ওই হামলায় অংশগ্রহণকারীরা ঘটনার মাস কয়েক আগে ঘর ছেড়েছিল।

আজ বৃহস্পতিবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিকভাবে জঙ্গিরা অনেক দুর্বল। রাজধানীতে তাঁদের ঘাঁটি থাকার কোনো আশঙ্কা নেই। অন্য কোথাও আছে বলেও মনে হয় না। তবে জঙ্গিবাদের উত্থান একদিনে হয়নি। একদিনে এটাকে উপড়ে ফেলা যাবে না। আমি বলব আপনারা আতঙ্কিত হবেন না। তবে সতর্ক থাকুন।’

অভিভাবকদের উদ্দেশে পুলিশের এই জঙ্গিবাদবিরোধী বিশেষ ইউনিট বেশ কিছু পরামর্শ দিয়েছে। ইউনিটের কর্মকর্তারা বলেছেন, সন্তান দীর্ঘ সময় দরজা আটকিয়ে বসে থাকছে কি না, সবার সঙ্গে আগে রাতের খাবার খেয়ে থাকলে এখনো খাচ্ছে কি না, হই হুল্লোড় করছে কি না বা তার যে শেখ সেটার চর্চা অব্যাহত রেখেছে কি না, ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে কি না ইত্যাদি বিষয়ে নজর দিতে হবে। কোনো কারণে সন্তান নিখোঁজ হলে সঙ্গে সঙ্গে থানায় জানানোরও অনুরোধ করেছে পুলিশ।

মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদে জড়ানোর একেবারে শেষ পর্বে এসে তরুণেরা ঘর ছাড়ে। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার প্রথম পর্যায়ে তরুণেরা প্রচলিত ধর্মবিশ্বাস পরিপন্থী কথাবার্তা বলে। যেমন পীর-ফকিরে অবিশ্বাস শুরু করে, পবিত্র কোরআন-হাদিসের খণ্ডিত ব্যাখ্যায় বিশ্বাস করে। দ্বিতীয় পর্যায়ে তারা বিশ্বের অন্যান্য দেশে নির্যাতনের শিকার মুসলিমদের মতো নিজেকেও নির্যাতিত বলে মনে করে, তৃতীয় পর্যায়ে তারা নিজস্ব বিশ্বাসের বাইরে কারও কথা শুনতে বা মানতে চায় না এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। একেবারে শেষ পর্যায়ে গিয়ে তারা ঘর ছাড়ে।

মনিরুল ইসলাম ঘর ছাড়ার আগেই তরুণদের আচরণ অভিভাবকদের পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছেন। আর কেউ ঘর ছাড়লে তিনি হ্যালো সিটি অ্যাপ ব্যবহার করে বা থানায় গিয়ে পুলিশের সাহায্য নেওয়ার অনুরোধ করেছেন।