আবারও নিয়ম ভেঙে গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তুতি
রাজশাহীতে আবারও নিয়ম ভেঙে ৫২ জনকে গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। এরই মধ্যে ওই তালিকা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর আগে একইভাবে ২৬ জনকে গ্যাস সংযোগ দেওয়া হয়।
পিজিসিএল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহীতে পিজিসিএল এক হাজার ৭৫০টি বাসায় গ্যাস সংযোগ দিয়েছে। এ পর্যন্ত তিন হাজার ২০০টি ডিমান্ড নোট সই হয়েছে। এর মধ্যে আবেদনকারীদের ধারাবাহিকতা লঙ্ঘন করে অনেক পেছনের আবেদনকারীদের সংযোগ আগে দেওয়ার জন্য সম্প্রতি ৫২ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সবেমাত্র তিন হাজার ২০০টি ডিমান্ড নোট হয়েছে অথচ প্রায় নয়-দশ হাজার পেছনের ক্রমিক নম্বরধারীদেরও এই তালিকায় নাম রয়েছে। সবচেয়ে পেছন থেকে এই তালিকায় জায়গা পেয়েছেন ১৩৩৫৪ নম্বর ক্রমিকের আবেদনকারী। তাঁর নাম মবদুল। রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএস টু মেয়র) হিসেবে তাঁর পরিচয় লেখা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এই নামে মেয়রের কোনো পিএস নেই।
রাজশাহী নগরের হড়গ্রাম নতুনপাড়া এলাকায় বসবাসকারী পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকের ক্রমিক নম্বর ১২৯৩৩। তাঁর নামও রয়েছে এই তালিকায়। এভাবে আগের আবেদনকারীদের রেখে পরে আবেদন করাদের আগে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, পিজিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতিতেই এই তালিকা করা হয়েছে। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর আবেদন গ্রহণের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সপ্তাহ খানেক আগে বিষয়টি তদন্তের জন্য কামরুজ্জামানকে (মহাব্যবস্থাপক-পরিকল্পনা) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি।
কামরুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তিনি এখনো তদন্ত শুরু করেননি। এ তদন্ত তিনি করবেন না। তিনি বলেন, এটা বড়জোর ব্যবস্থাপক পর্যায়ের তদন্তের বিষয়। নিজেরা তদন্ত করতে গেলে তারা হয়তো প্রশ্নের সম্মুখীন হবেন। তাই তাঁর ওপরে তদন্তভার চাপানো হয়েছে। তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে ফিরলে নিচের দিকের কাউকে দিয়ে এই তদন্ত করানোর জন্য প্রস্তাব করবেন তিনি। এরপর তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, তাই করা হবে।