আবারও নির্দোষ অমিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার মূল অভিযুক্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান অমিয় ঘোষকে দ্বিতীয়বারও নির্দোষ ঘোষণা করা হলো। এই রায়ে হতাশা প্রকাশ করেছে ফেলানীর মা-বাবা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া ভারতের মানবাধিকার সংস্থা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চও (মাসুম) এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মানবাধিকার সংগঠন এবং ফেলানীর পরিবার পরবর্তী করণীয় নিয়ে ভাবছে।
বিএসএফের নিজস্ব বিচারব্যবস্থা গত বৃহস্পতিবার গভীর রাতে ওই রায় ঘোষণা করে। তবে বাহিনীর নিয়ম অনুযায়ী, মহাপরিচালকের অনুমোদন না পাওয়া পর্যন্ত সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না।
পশ্চিমবঙ্গভিত্তিক মানবাধিকার সংস্থা মাসুম-এর প্রধান কিরীটী রায় বিবিসি বাংলাকে বলেন, ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকের জীবনের অধিকার রয়েছে। শুধু ভারতের নাগরিক নয়, দেশের মাটিতে থাকা প্রত্যেক ব্যক্তির। এ ক্ষেত্রে সেটাও লঙ্ঘিত হয়েছে।
ভারতের কোচবিহারে বিএসএফ-এর বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার শুরু হয় গত ৩০ জুন। সোনারী ছাউনিতে বিএসএফ-এর আধিকারিক সিপি ত্রিবেদীর নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারিক প্যানেল বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। কঠোর নিরাপত্তার মধ্যে বিচারকাজ পরিচালিত হয়। তিন কার্যদিবস চলার পর বৃহস্পতিবার মধ্যরাতে রায় ঘোষণা করা হয়।
পুনর্বিচারের রায়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ফেলানীর বাবা নুর ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ বিচার মানি না। আমি উচ্চ আদালতে যামু। দুই দফা সাক্ষ্য দেওয়ার পরও মেয়ে হত্যার ন্যায্যবিচার পাই নাই। অমিয় ঘোষের ফাঁসি হওয়া উচিত ছিল।’
‘মাসুম’-এর সম্পাদক কিরীটি রায় প্রথম আলোকে বলেন, ‘আমরা ঠিক করেছি, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট আবেদন দাখিল করব। সেই আবেদন কলকাতা হাইকোর্টেও হতে পারে, সুপ্রিম কোর্টেও হতে পারে। এ বিষয়ে ফেলানীর পরিবারের সঙ্গে আমরা কথাও বলেছি।’
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। তার মৃতদেহ অনেকক্ষণ কাঁটাতারের বেড়ায় ঝুঁলে ছিল। এই মৃত্যুকে ঘিরে মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানাতে থাকে।
ফেলানী হত্যা তদন্তের প্রথম রায় বের হয় ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর। তাতে অমিয় ঘোষকে নির্দোষ বলা হয়। এই রায়ের পর আন্তর্জাতিক স্তরে হই চই শুরু হয়। চাপের মুখে বিএসএফ জানায়, তারা মামলার পুনর্বিচার করবে। সেই পুনর্বিচারের রায় হয়েছে বৃহস্পতিবার রাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বাহিনী এখনো চুপ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও শুক্রবার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো কিছু জানি না।’
কিরীটি রায় প্রথম আলোকে বলেন, ‘এই মামলা শুরু থেকেই লোক দেখানো। বিচারের নামে যা হয়েছে তা প্রহসন ছাড়া আর কিছু নয়। ভয়ের পরিবেশে মামলার শুনানি হয়েছে। এমনকি পুনর্বিচারের সময় কারও সাক্ষ্য নেওয়া হয়নি। গোটা বিষয়টাই হয়েছে গোপনে। আমরা ছাড়ছি না।’
এদিকে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের রাষ্ট্র ও সরকার কূটনৈতিকভাবে এ ঘটনার পুনর্বিচার দাবি করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচার দাবি করা যেতে পারে। ভারতের মানবাধিকার সংগঠনগুলো সেখানেও এ দাবি তুলতে পারে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, দুই দেশের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উভয়েই সীমান্তে সংঘাত কমিয়ে আনার বিষয়ে অঙ্গীকার করছে। এ বিষয়ে আন্তরিকতা প্রমাণের জন্য ফেলানী হত্যার বিচার করাটা ভারতের জন্য একট বড় সুযোগ ছিল।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, একই বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টে আরেকটি মামলা রয়েছে। ওই মামলার বাদী তিনি ও ফেলানীর বাবা নুর ইসলাম। ১৪ জুলাই এই মামলার তারিখ রয়েছে। আইনজীবীও নিয়োগ করা হয়েছে। কিন্তু ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী নন।
বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত অফিশিয়ালি কিছু জানি না। বাহিনীর প্রধান সই করার পরই রায় চূড়ান্ত হবে। তখন আমরা বিস্তারিত জানতে পারব।’
মহাপরিচালক বলেন, বিজিবির কিছু করার থাকলে নিশ্চয়ই তা করা হবে। এর আগেও ফেলানীর পরিবারকে বিচারের জন্য ভারতে পাঠানোসহ বিভিন্ন সহায়তা করা হয়েছে, ভবিষ্যতেও তা করা হবে।
অপ্রত্যাশিত এই রায় ফেলানীর মা জাহানারা খাতুন কেঁদেছেন আর বিলাপ করেছেন। তিনি বলেছেন, ‘আল্লাহ্ এ বিচার করবো।’
এই রায় মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে ফেলানীর মামলার সহায়তাকারী ও কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন প্রথম আলোকে বলেন, এটা ভারতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। একটা শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের অন্যায়ের দায় গোটা বাহিনী নিয়ে নিল। এই দায় রাষ্ট্র হিসেবে ভারতেরও। এর ফলে সীমান্ত হত্যার ক্ষেত্রে বিএসএফ আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।