বরগুনা-১ আসনের সাবেক সাংসদ দেলোয়ার হোসেন আগামী নির্বাচনে আবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের সিরাজউদ্দিন মিলনায়তনে তাঁর পক্ষে ডাকা এক কর্মিসভায় এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত জ্যেষ্ঠ সহসভাপতি দেলোয়ার হোসেন।
সভায় দেলোয়ার বলেন, ‘আমি হাইব্রিড আওয়ামী লীগার নই। ছাত্রাবস্থায় জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। দলকে কোনো দিন পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়িনি। জুলুম-নির্যাতন সহ্য করেছি; তবু আওয়ামী লীগ ছেড়ে যাইনি। দল যখন মনোনয়ন নিয়ে আমার ওপর অন্যায় করেছে, তখন আমি বরগুনার জনগণের স্বার্থে স্বতন্ত্র নির্বাচন করেছি। কিন্তু কখনো দলের সঙ্গে বেইমানি করিনি। ২০০১ সালে সাংসদ হওয়ার পর মন্ত্রিত্বের প্রস্তাব থাকা সত্ত্বেও বিএনপি জোট সরকারে যোগ দিইনি।’
দেলোয়ার আরও বলেন, ‘অতীতে আমার প্রতি অন্যায় করা হয়েছে বলেই জনগণের ইচ্ছায় আমি স্বতন্ত্র নির্বাচন করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, এবার আর দলের কাছে মনোনয়ন চাইব না। দল যদি মনে করে আমাকে প্রয়োজন, তাহলে আমাকে ডাকবে, আর প্রয়োজন মনে না করলে জনগণের মনোনয়ন নিয়ে পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
কর্মিসভায় দেলোয়ার হোসেনের সমর্থক প্রায় দুই হাজার নেতা-কর্মী যোগ দেন। শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া, আয়লা-পাতাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর নুরুল হক, গৌরীচন্নার চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ।