আবারও নির্বাচন স্থগিত প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটগ্রহণের একদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ বলেন, নির্বাচন স্থগিতের প্রতিবাদে কয়েক হাজার মানুষ বিকেল পাঁচটার দিকে বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বসে পড়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ গিয়ে আলোচনা করে অবরোধ তুলে নেয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৪ জুন পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠানের সময় সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের দাবিতে মোকাদ্দেস আলী নামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করলে আদালত নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। সেই আবেদনটি খারিজ হলে সম্প্রতি নির্বাচন কমিশন ১২ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে। আগে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাঁরাই প্রার্থী হিসেবে এতে অংশ নেওয়ার প্রস্তুতি নেন।
গত বৃহস্পতিবার বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করে উচ্চ আদালতে রিট করেন। ওই দিনই শুনানি শেষে আদালত আবার তিন মাসের স্থগিতাদেশ জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গতকাল নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নির্বাচন স্থগিত হওয়ার খবর পেয়ে গতকাল বিকেল পাঁচটার দিকে বোয়ালিয়া বাসস্ট্যান্ডে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে লোকজন। এতে কয়েক শ যানবাহন আটকা পড়ে। অবরোধ চলাকালে বক্তব্য দেন চেয়ারম্যানপ্রার্থী জহুরুল হাসান, সদস্য পদপ্রার্থী সরস্বতী বালা, আসমা খাতুন প্রমুখ। তাঁরা বলেন, দুবার প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে টাকাপয়সা খরচ
করেছেন। অথচ একটি পক্ষ ক্ষমতায় থাকার জন্য অন্যায়ভাবে নির্বাচন বন্ধ করেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ওমর ফারুকের সই করা আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর সব কাগজপত্র ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশন পর্যালোচনা শেষে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত দেয়।