আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাভারের আশুলিয়ায় গিয়েও নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েক দিনে একাধিক জনসভায় এভাবে ভোট চেয়েছেন তিনি।গতকাল রোববার ঢাকার পোশাকশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত আশুলিয়ায় নারী পোশাককর্মীদের জন্য একটি আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘সুধী ও নারী সমাবেশে’ বক্তব্য দেন প্রধানমন্ত্রী।সমাবেশে ২৬ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের সাফল্য তুলে ধরে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সভায় সভাপতিত্ব করেন।শেখ হাসিনা বলেন, ‘যখনই সরকার শ্রমিকদের মজুরি বাড়ায়, তখনই বাড়ির মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। তাই শ্রমিকেরা মজুরি বৃদ্ধির সুফল পান না। যাঁদের শ্রম-ঘামে আমাদের অর্থনীতির চাকা সচল থাকে, তাঁদের সুযোগ-সুবিধার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব থেকেই নারী শ্রমিকদের জন্য হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেখানে পোশাকশিল্প ও নারী শ্রমিক আছেন, সেসব জায়গায় এ রকম হোস্টেল নির্মাণ করা হবে, যাতে নারী শ্রমিকেরা থাকতে পারেন।’প্রধানমন্ত্রী বলেন, পোশাক কারখানার মালিকেরা শ্রমিকদের জন্য এ রকম আবাসনের ব্যবস্থা করতে চাইলে তাঁর সরকার ১ শতাংশ সার্ভিস চার্জে টাকা দেবে।হেফাজতের আমির শাহ আহমদ শফীর একটি বক্তৃতার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশে এক তত্ত্ব এসেছে। তেঁতুলতত্ত্ব। এই তত্ত্বে মেয়েদের চতুর্থ শ্রেণীর অধিক লেখাপড়া করানো, ঘরের বাইরে গিয়ে কাজ করানো বন্ধ করতে বলা হয়েছে। এই তত্ত্ব সমর্থন করেন আমাদের বিরোধীদলীয় নেত্রী।’ হেফাজতের বিরুদ্ধে চালানো অভিযান নিয়ে মিথ্যাচার হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দুঃখ পাই, যখন শুনি হেফাজতের সমাবেশকে ঘিরে মিথ্যাচার করা হচ্ছে। সেই সমাবেশে আড়াই হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। গ্রামে গ্রামে মা-বোনদের কাছে কোরআন শরিফ নিয়ে গিয়ে শপথ করিয়ে এসব মিথ্যা কথা বলা হচ্ছে। সরলমতি মা-বোনেরা এসব কথা বিশ্বাসও করছেন। এত লোক যদি মারা গিয়ে থাকে, তাহলে তাদের স্বজনেরা কোথায়?’ তিনি আরও বলেন, ‘পরে শুনলাম, নিহতের সংখ্যা আড়াই হাজার থেকে ৬১ জনে নেমে এল। আমরা তালিকা চাইলাম। এখন জানা যাচ্ছে, এই ৬১ জনের মধ্যেও কেউ কেউ বেঁচে আছেন, কারও ভুয়া নাম দেওয়া হয়েছে।’ শেখ হাসিনা বলেন, কাবা শরিফের গিলাফ পরিবর্তনের ছবিটিকে তারা যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে মানববন্ধনের ছবি বলে প্রচার করেছে। তারা হাইতির ভূমিকম্পের ছবি, যুক্তরাষ্ট্রের আত্মহত্যার ছবিকে হেফাজত হত্যার ছবি হিসেবে চালানোর চেষ্টা করছে। আপনারা এসবে কান দেবেন না। আওয়ামী লীগ সরকার সব সময়ই ইসলামের পক্ষে। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করেছিলেন, টঙ্গীতে ইজতেমার জন্য জমি দিয়েছিলেন। এই সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে। আর তারা বায়তুল মোকাররমের সামনে শত শত কোরআন শরিফ পুড়িয়েছে। এরাই ধর্মের নামে রাজনীতি করে। যারা পবিত্র কাবা শরিফ নিয়ে মিথ্যাচার করে, তারা কী করে ইসলাম ধর্মে বিশ্বাসী হতে পারে?

শেখ হাসিনা শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘যে কারখানা আপনার রুটি-রুজির জোগান দেয়, তার যেন কোনো ক্ষতি না হয়, সেটা দেখা আপনাদের দায়িত্ব। দাবি-দাওয়ার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নেই। আপনাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমার। রাজনীতি করি আপনাদের জন্যই।’

আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে ‘সুধী ও নারী সমাবেশে’ উপস্থিত নারীদের একাংশ ষ ছবি: প্রথম আলো
আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে ‘সুধী ও নারী সমাবেশে’ উপস্থিত নারীদের একাংশ ষ ছবি: প্রথম আলো

রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রাম দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না।’শেখ হাসিনা শ্রমিকদের জন্য নেওয়া তাঁর সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ‘আমি পোশাক কারখানার মালিকদের গণভবনে ডেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা করে দিতে বাধ্য করেছি। এখন আবার মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড করে দেওয়া হয়েছে।’উপস্থিত জনতার কাছে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষ যখন নৌকা মার্কায় ভোট দেয়, তখন তারা কিছু পায়। আমরা কাউকে বঞ্চিত করি না। আমাদের রাজনীতিই হচ্ছে খেটে খাওয়া মানুষের জন্য। আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিন।’সমাবেশে দুজন সরকারি কর্মকর্তাসহ মোট আটজন বক্তব্য দিলেও স্থানীয় কোনো রাজনীতিক মঞ্চে ছিলেন না। সাভার-আশুলিয়ার সাংসদ তৌহিদ জং মুরাদ সমাবেশে অনুপস্থিত ছিলেন। তবে তাঁর ছবি-সংবলিত পোস্টার আর ফেস্টুন ছিল সমাবেশস্থল ও সমাবেশে আসার রাস্তাগুলোর পাশে। সমাবেশের শুরুতে চার ধর্মের চারটি ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন চারজন নারী।নির্মিতব্য হোস্টেল সম্পর্কে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, সাভার-আশুলিয়া সড়কের পাশে ৪২ শতাংশ জমির ওপর ২৬ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ১২ তলা একটি হোস্টেল ভবন নির্মাণ করা হবে। এই হোস্টেলে ৮৩৬ জন নারী শ্রমিক থাকতে পারবেন। দ্বিতীয় তলা থেকে প্রতি তলায় ২২টি করে কক্ষ থাকবে। এখানে থাকবে শিশুদের দিবাযত্ন কেন্দ্র, বিনোদনসহ অন্যান্য সামাজিক সুবিধা। তিনি বলেন, এর পরের ধাপে রাস্তার ওপারে ৫৫ শতাংশ জমির ওপর ১৪ তলা আরেকটি ভবন তৈরির প্রকল্প নেওয়া হচ্ছে। এ দুটি ভবনে দুই হাজার নারী শ্রমিক থাকতে পারবেন। সমাবেশে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ক্রেতাদের চাহিদা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য এখন ‘গার্মেন্টস ইকোনমিক্যাল জোন’ তৈরির কোনো বিকল্প নেই। ইতিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় এর কাজ শুরু হয়েছে। পোশাকশিল্পকে ঘিরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি শ্রমিকদের এসব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান। তিনি বলেন, এই শিল্পের আকাশে ঝড় উঠলে সমস্ত অর্থনীতি লন্ডভন্ড হয়ে যাবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, ‘আল্লাহর পরে এ দেশের নারীদের জন্য কিছু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, বিএনপির আমলে খালেদা জিয়া সাড়ে চার থেকে পাঁচ হাজার কারখানা বন্ধ করেছিলেন। আর এই সরকার এসে সেগুলো চালু করছে, নতুন নতুন কারখানা হচ্ছে।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, জিএসপি-সুবিধা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের পত্রিকায় চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া। এখন তা অস্বীকার করছেন।