আবারও পণ্ড খালেদার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পুলিশের বাধায় পণ্ড হয়ে গেল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কর্মসূচি৷ অনুমতি না থাকার কারণ দেখিয়ে গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ৷ খালেদা জিয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল৷ পরে তিনি জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশ করেন৷ 
আগের দিন অর্থাৎ শুক্রবার রাত থেকেই পুলিশ কর্মসূচির প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে৷ গতকাল সকালে পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে আদালতে প্রবেশপথগুলো আটকে দেয়৷ তারা আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুরো এলাকা কার্যত অবরুদ্ধ করে ফেলে৷
এর আগে গত বৃহস্পতিবারই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময় কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়৷ এ প্রেক্ষাপটে গতকাল শনিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারের হত্যাকাণ্ডসহ সারা দেশে গুম, খুন অপহরণের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে৷ 
কর্মসূচি পণ্ড হওয়ার পর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের কঠোর সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘এ সরকার এতই ভীতু ও দুর্বল যে সমাবেশ দেখে ভয়ে তা বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের ফটকে তালা লাগিয়ে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এর আগে ২২ তারিখেও সমাবেশ করতে দেয়নি।’
শুক্রবার রাত থেকেই পুলিশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচির প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে৷ রাতে পুলিশ সমাবেশস্থল থেকে মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে যায় বলে আইনজীবীরা অভিযোগ করেছেন৷ গতকাল সকালে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা আইনজীবীরা সুপ্রিম কোর্টে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়৷ সকাল ১০টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না৷ সুপ্রিম কোর্টের সব প্রবেশপথে অবস্থান নেয় পুলিশ। আদালত প্রাঙ্গণের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রবেশপথগুলো আটকে দেওয়া হয় কাঁটাতারের প্রতিবন্ধক দিয়ে। আদালত এলাকায় যাওয়ার সব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়৷ ১৪-১৫ জন আইনজীবীকে প্রবেশপথ থেকে আটকও করে পুলিশ৷ এর মধ্যে ছিলেন মোর্শেদা খাতুন ও পারভীন নামে ঢাকা বারের দুজন আইনজীবী৷ তবে আগে থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নেওয়া ৩০-৪০ জন আইনজীবী সেখানে একটি ছোট সমাবেশ করেন৷ 
কর্মসূচির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের পর বেলা সাড়ে ১১টার দিকে এর প্রতিবাদে প্রেসক্লাবে সমাবেশ করার কথা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া৷ দুপুর সোয়া ১২টার দিকে তিনি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হন৷ রফিকুল ইসলাম মিয়া আইনজীবীদের সমাবেশ করতে না দেওয়ায় কর্মসূচি ঘোষণা করেন৷ 
এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া আবারও অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান৷ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, বেশি দেরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকার এখন সবচেয়ে বেশি আতঙ্কিত। মানুষ যেমন র৵াবের নাম শুনলে ভয় পায়, তেমনি বিএনপির সমাবেশের নাম শুনলে সরকার ভয় পায়।
খালেদা জিয়া বলেন, ‘অনেকেই বলছেন, বিএনপি কেন কর্মসূচি দেয় না। আমরা সময়মতো কর্মসূচি দেব। কারণ, এরা (সরকার) জনগণের কাছে পচে গেছে। এদের দুই পয়সার দাম নেই। এরা আরেকটু পচুক, আরেকটু গলুক। তারপর আমরা কর্মসূচি দেব। আমরা তাদের সুযোগ দিচ্ছি। এদের আরেকটু পচতে দিতে হবে।’
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন টাকার ভাগাভাগির জন্য নিজেরা মারামারি করছেন৷ শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এমনভাবে পড়বেন, আর উঠে দাঁড়ানোর শক্তিও থাকবে না।...অতি বাড় বাড়া ভালো নয়। কথায় আছে, অতি বড় হয়ো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়ো না, ছাগলে খাবে। বাঘ-ভাল্লুক লাগবে না, ছাগলই আপনাদের খাবে।’
নারায়ণগঞ্জের ঘটনায় এখনো প্রকৃত অপরাধীদের ধরা হয়নি দাবি করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘খুিনদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। টেলিফোন আলাপ ফাঁস হয়েছে। আর যাদের ধরা হয়েছে তাদের রিমান্ডের নামে জামাই আদর করা হচ্ছে। কারণ, তাদের ওপর সত্যিকার চাপ দিলে সত্য বলে দেবে। এতে আওয়ামী লীগের জারিজুরি ফাঁস হয়ে যাবে।’
নিজের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘আমি বলেছি, আমি জনগণের সঙ্গে আছি। এ জন্য তারা আমার পিছে লেগেছে। আমি এসব পরোয়া করি না। আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে, যাতে কোনোভাবে আমাকে আটকানো যায়।’ খালেদা জিয়া বলেন, তাঁর বিরুদ্ধে যে সময়ে চারটি মামলা করা হয়েছিল, ঠিক একই সময় শেখ হাসিনার বিরুদ্ধেও ১৫টি মামলা করা হয়েছিল। তিনি ওই মামলাগুলো চালু করার দাবি জানান৷ 
এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গত বুধবার রাতে সাংবাদিকদের বলেন, সমাবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। সমাবেশ করতে না দেওয়া প্রসঙ্গে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, সমাবেশের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা প্রধান বিচারপতির কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রশ্ন আসে না। খন্দকার মাহবুব বলেন, এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বহু সমাবেশ হয়েছে। এ জন্য বারের সভাপতি হিসেবে সমাবেশের অনুমতি দেওয়ার কর্তৃত্ব তাঁরই।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘোষিত প্রতিবাদ কর্মসূচির মধ্যে আছে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দেশের সব আদালত বর্জন।সোমবার সব আদালতে বিক্ষোভ। মঙ্গলবার দেশের সব বারে মানববন্ধন এবং বুধ ও বৃহস্পতিবার দেশের সব বারে কালো পতাকা মিছিল৷ 
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখ৷