আবারও পানিবন্দী বরিশাল নগরবাসী

আবারও পানিবন্দী হয়ে পড়েছে নগরবাসী। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এ জন্য নগরবাসী আবারও পর্যাপ্ত নালা (ড্রেন) না থাকা, নালা পরিচ্ছন্ন না করা এবং খাল খনন বা সংস্কার না করাকে দুষল। এর সঙ্গে নতুন উপদ্রব হিসেবে যুক্ত হয়েছে রাস্তা খোঁড়াখুঁড়ি।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে পুনরায় বৃষ্টি শুরু হলে জলাবদ্ধতা আরও বাড়ে। বেলা তিনটা নাগাদ বেশ কিছু সড়কে হাঁটুসমান পানির মধ্যে যান চলাচল করতে দেখা গেছে।
বরিশাল নদী, খাল ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নগরের অবশিষ্ট খাল খনন করে খালের প্রবাহ ঠিক রাখার জন্য বারবার করপোরেশনকে অনুরোধ জানানো হলেও খাল খনন বা সংস্কার হয়নি। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার (আজ) মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিছুর রহমান বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত মাসের ২৪ জুন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২১৮ মিলিমিটার। ওই সময়ের চেয়ে বৃষ্টিপাত কম হয়েছে। তারপরও জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোরস্থান রোডের বাসিন্দা সীরাজুম মনির অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে বৃষ্টির কারণে জলাবদ্ধতার পরও করপোরেশন নালা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়নি। ফলে মঙ্গলবার রাতে বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকা ডুবে গেছে। হাঁটুপানি ভেঙে বের হতে হয়েছে। এ বছরের মতো আর কখনো এমন জলাবদ্ধতায় পড়তে হয়নি। এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই নগরের রাজাবাহাদুর সড়ক, জিলা স্কুল মোড়, সদর রোড, ফকির বাড়ি রোড, জেলখানার মোড়, রূপাতলী, মেডিকেল কলেজ এলাকা, বান্দ রোড, হাসপাতাল রোডসহ অনেক সড়কে খোঁড়াখুঁড়ি চলছে।
বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, খাল বা নদীর সঙ্গে অপসারণ ব্যবস্থা ঠিক আছে। গত বছর বর্ষা মৌসুমের আগে নালা পরিচ্ছন্ন করা হয়েছিল। এক বছরের মধ্যে নালা আটকে যাবে এটা বোঝা যায়নি। নালার প্রবাহ ঠিক রাখতে নগরের সব ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাস্তা খোঁড়াখুঁড়ি প্রসঙ্গে প্রকৌশলী বলেন, বর্ষায় নয়, আগেই কাজ শুরু করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও টেলিফোন বিভাগ। বর্ষা শুরু হওয়া এবং সামনে ঈদ থাকায় সদর রোডসহ কিছু সড়কে মাটি খোঁড়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, পানি অপসারণে নগরে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। প্রবল বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত বাড়ি নির্মাণ, নালা দখল করার কারণেও জলাবদ্ধতা হচ্ছে। সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। ঈদের পর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।