আবারও পিছিয়েছে অভিযোগ গঠনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী হত্যা
হিমাদ্রী হত্যা

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালত আগামী বছরের ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে তা পেছানো হয়।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, ‘বিচারক ছুটিতে থাকায় মামলার শুনানি হয়নি। আগামী ১৬ জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।’
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তাঁরা হলেন: ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তাঁর ছেলে জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন, জাহিদুল ইসলাম শাওন ও মাহাবুব আলী খান।