আবারও পিছিয়েছে অভিযোগ গঠনের শুনানি
কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
গতকাল মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালত ২৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ১৭ ও ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন এবং হরতালের কারণে পিছিয়ে যায় শুনানি।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ ও দুই আসামি সময়ের আবেদন করলে আদালত শুনানি পিছিয়ে দেন। ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।’
ওমর ফুয়াদ আরও বলেন, প্রধান আসামি শাহ সেলিম টিপু, জাহিদুল ইসলাম শাওন, জুনায়েদ রিয়াদের জামিনের মেয়াদ শেষ হলেও গত বুধবার উচ্চ আদালত থেকে তাঁদের জামিনের মেয়াদ বর্ধিত করা হয়েছে বলে তাঁদের আইনজীবী আদালতকে জানান। পরে উচ্চ আদালতের আদেশ এক সপ্তাহের মধ্যে আদালতে উপস্থাপনের জন্য আইনজীবীকে নির্দেশ দেন আদালত।