আবারও পিছিয়েছে অভিযোগ গঠনের শুনানি
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
গতকাল সোমবার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রশিদের আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালত আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে মামলার আসামি জাহিদুল ইসলাম শাওনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৭ ও ২৮ নভেম্বর এবং ১৩ জানুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও পিছিয়ে যায় শুনানি। মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, ‘আসামির আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত শুনানি পিছিয়ে দেন। ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।’
নিহত হিমাদ্রী মজুমদারের বাবা প্রবীর মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২১ মাস হলেও ছেলে হত্যার বিচার শুরু হয়নি। আসামিরা নিজেদের বাঁচাতে আইনি ফাঁকফোকরে বারবার সুযোগ নিচ্ছেন। ধার্য দিনে আদালতে অনেক আশা নিয়ে হাজির হই। অভিযোগ গঠন না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়।’
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।