আবারও পুড়বে ইট, পচবে আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে ৮ নম্বর মামুদপুর ইউনিয়নের চকদেয়ানত এলাকার সেই দুটি ইটভাটার কারণে এবারও শতাধিক বাগানের আমের ফলনে বিরূপ প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ভাটা দুটিতে ইট পোড়ানোর জন্য কাঁচা ইট তৈরির কাজ চলছে।
এলাকার প্রায় ২৫০ হেক্টর জমিজুড়ে থাকা আমবাগানগুলোর মাঝে এমএমবি ও এমআরটি নামের ইটভাটা দুটি রয়েছে। বছর চারেক ধরে ওই দুটি ভাটার কারণে আম উৎপাদনে চাষিদের লোকসান গুনতে হচ্ছে।
আমবাগান মালিকেরা ইটভাটাগুলো বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন।
বাগান মালিকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, গত বছর ওই দুটি ইটভাটার তাপ ও ধোঁয়ায় ওই এলাকার আমবাগানের প্রায় ১৩ কোটি টাকার ৬৫ হাজার মণ আম নষ্ট হয়ে যায়। সে সময় ইটভাটা দুটি বন্ধ করতে ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় গত ১৯ মে প্রথম আলোয় ‘নবাবগঞ্জে ১৩ কোটি টাকার আম নষ্ট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
দাউদপুর-ভাদুরিয়া সড়কের উত্তর পাশে এমএমবি ও এমআরটি নামের ভাটা দুটি পাশাপাশি অবস্থিত। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ভাটগুলোর ১০ থেকে ২০ গজের চারপাশেই রয়েছে আমবাগান। ইটভাটা দুটিতে শ্রমিকেরা কাঁচা ইট তৈরি করছেন। শ্রমিকেরা জানান, অল্প কয়েক দিনের মধ্যেই ইট পোড়ানোর কাজ শুরু হবে।
আমবাগান মালিক মোফাচ্ছের হোসেন জানান, গত বছর তাঁর ৩০ বিঘার বাগানটি সাড়ে তিন লাখ টাকায় ইজারা দেন। কিন্তু ইটভাটার কারণে আম পচে যাওয়ায় এবার ব্যাপারীরা বাগানটি ইজারা নেয়নি। এনামুল হক, শামছুল আলম, লতিফুল কবির, রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক আমবাগান মালিক এ প্রতিবেদকের কাছে একই অভিযোগ করেন। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর রংপুর বিভাগীয় কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা বাগান পরিদর্শন করে বলেন, ইটভাটার ধোঁয়া ও তাপেই বাগানের আম পচে যাচ্ছে। এতে করে বাগানে ব্ল্যাকটিপ রোগ দেখা দিয়েছে।