আবারও পুড়ল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে যন্ত্রণায় কাতর বাবার দিকে অপলক তাকিয়ে শিশু আরিফ। আগে বাবাকে দেখলেই আদর পেতে বায়না ধরত সে। গতকাল সকালেও ছেলের বায়না মিটিয়ে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন সাবেদ আলী। কিন্তু ঘরে ফেরার আগেই ‘রাজনীতির আগুনে’ দগ্ধ হতে হয়েছে তাঁকে ছবি: সাহাদাত পারভেজ
হাসপাতালে যন্ত্রণায় কাতর বাবার দিকে অপলক তাকিয়ে শিশু আরিফ। আগে বাবাকে দেখলেই আদর পেতে বায়না ধরত সে। গতকাল সকালেও ছেলের বায়না মিটিয়ে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন সাবেদ আলী। কিন্তু ঘরে ফেরার আগেই ‘রাজনীতির আগুনে’ দগ্ধ হতে হয়েছে তাঁকে ছবি: সাহাদাত পারভেজ

আগুনে পুড়ে মুখের কিছু অংশ হয়ে গেছে কালো। হাত-বুকে ব্যান্ডেজ। এ অবস্থায় নিষ্পলক তাকিয়ে কাঁপছিলেন সিএনজিচালিত অটোরিকশার চালক সাবেদ আলী। পাশে বসা স্ত্রী আলেয়া খাতুন কাঁদছেন। আর মায়ের কাছ ঘেঁষে উঁকি দিয়ে আতঙ্কিত চোখে বাবার দগ্ধ মুখ দেখছিল চার বছরের শিশু আরিফ মিয়া।
সাবেদের মতো গত সোমবার ও গতকাল মঙ্গলবার অবরোধ-সমর্থকদের আগুনে পুড়েছে আরও তিনজন চালকের শরীর। ১৮-দলীয় জোট অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই রাজধানী ও রাজধানীর বাইরে শুরু হয়েছে এর আগে তিন দফা হরতালের মতো একই ধরনের সহিংসতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও শুরু হয়েছে আহত ব্যক্তি ও তাঁদের স্বজনদের আর্তনাদ-চিৎকার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন, পেট্রলবোমা এবং ককটেল বা বোমা বিস্ফোরণে রাজধানীসহ বিভিন্ন স্থানে গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন অন্তত ৮৬ জন। হতাহতদের মধ্যে অগ্নিদগ্ধ ৩৪ জন। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১৮ জন। এর মধ্যে অটোরিকশাচালক রুবেল, সাবেদ ও নিজামুদ্দিন গত সোমবার ও গতকাল ভর্তি হয়েছেন।
এ ছাড়া চোখে গুরুতর জখম নিয়ে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন পুলিশ সদস্য দুলু মিয়া।
গতকাল বেলা একটার দিকে দগ্ধ সাবেদ আলীকে নিয়ে বার্ন ইউনিটে আসেন সৌমেন হাজরা নামের এক স্থপতি। সৌমেন সাংবাদিকদের জানান, গুলশান-১ নম্বর থেকে তিনি সাবেদের অটোরিকশায় উঠে ইস্টার্ন প্লাজার সামনে যান। নামার পর ভাড়া মেটানোর সময় দুই যুবক পেট্রল ঢেলে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা চালক সাবেদ পুড়ে যান।
সোমবার সন্ধ্যায় কুমিল্লার কচুয়া চৌমহনী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন চালক রুবেল মিয়া। তিন সন্তানকে কুমিল্লার বাসায় রেখে তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তাঁর স্ত্রী নাসিমা বেগম।
রুবেল সাংবাদিকদের জানান, অটোরিকশার জমাবাবদ মালিককে প্রতিদিন দিতে হয় ৬০০ টাকা। এরপর পকেটে যে ৪০০-৫০০ টাকা থাকে, তা-ই সংসারের প্রতিদিনকার সম্বল। সঞ্চয় নেই। এখন কীভাবে চিকিৎসা করাবেন, কীভাবে সন্তানের ভরণপোষণ করবেন ভেবে পাচ্ছেন না তিনি।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর মৌচাকে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় আগুন দিলে দগ্ধ হন চালক নিজামুদ্দিন। তিনি জানান, মগবাজার থেকে এক যাত্রী নিয়ে রাজারবাগ পুলিশ লাইনের দিকে যাওয়ার পথে মৌচাকে চারজন যুবক তাঁর অটোরিকশায় আগুন দেয়। যাত্রী রক্ষা পেলেও তিনি দগ্ধ হন। রাত আটটার দিকে নন্দীপাড়ার বটতলায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক মোজাম্মেল হক দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আমাদের ফরিদপুর অফিস জানায়, সোমবার রাত ১২টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুরে অবরোধ-সমর্থকেরা ট্রাকে আগুন দিলে চালক আবদুল খালেক দগ্ধ হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, সোমবার রাত সোয়া আটটার দিকে জয়পুরহাট শহরের বাটার মোড়ে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য দুলু মিয়ার ডান চোখ গুরুতর জখম হয়। গতকাল সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চক্ষু বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ ঘোষ জানান, ডান চোখে দুলুর দেখার সম্ভাবনা ক্ষীণ।
এ ছাড়া গতকাল বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে ককটেল বিস্ফোরণে দুই সাংবাদিকসহ ছয়জন আহত হন।