আবারও পেছাল অভিযোগ গঠনের শুনানি
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। আজ সোমবার এই শুনানি হওয়ার কথা ছিল।
এক আসামি আদালতে অনুপস্থিত থাকায় আগামী ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত ১১ জানুয়ারি ও ১০ ফেব্রুয়ারি কারাগারে থাকা সব আসামি আদালতে হাজির না হওয়ায় মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আদালত সূত্র জানায়, আজ মামলার ধার্য তারিখে ফেনী কারাগারে থাকা ৩১ ও কুমিল্লা কারাগারে থাকা ছয়জন আসামিকে আদালতে হাজির করা হয়। তবে ঢাকার কেন্দ্রীয় কারাগারে থাকা একজন আসামি অনুপস্থিত থাকায় অভিযোগ গঠনের শুনানি হয়নি।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ সাংবাদিকদের বলেন, ওই আসামি অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। তাই আজ তাঁকে আদালতে হাজির করা যায়নি। ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে আজ আদালতে কয়েকজন আসামির জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদনের শুনানিও পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত স্থগিত করেন।
গত ২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও তাঁকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়।