আবারও পেছাল খালেদা জিয়ার দুই দুর্নীতি মামলার শুনানি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ আবার পিছিয়েছেন আদালত। গতকাল রোববার খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক বাসুদেব রায় আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এর আগে একই কারণ দেখিয়ে তিনবার সময় নেন আসামিপক্ষের আইনজীবীরা। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে। দুটি মামলার সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুনুর রশিদ আদালতে হাজির ছিলেন।
গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিচারক নিয়োগ ও দুটি মামলায় খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট ওই আবেদন দুটি খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখা প্রয়োজন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এর বিরোধিতা করে আদালতকে বলেন, উচ্চ আদালত মামলার কার্যক্রম স্থগিত করেননি। তাই সাক্ষ্য গ্রহণে কোনো বাধা নেই। শুনানি শেষে আদালত ৩ সেপ্টেম্বর আপিল বিভাগের আদেশ দাখিল করার আদেশ দেন। একই দিন আদেশ ব্যর্থতায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। গত ১৯ মার্চ খালেদা জিয়ার উপস্থিতিতে মামলা দুটিতে অভিযোগ গঠন করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলার অন্য আসামিরা হলেন খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় মনিরুল ও মুন্না আদালতে হাজির ছিলেন। হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক। গত বছর ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুদক।
এ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এ মামলায় সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ আদালতে হাজির ছিলেন। অন্য দুজন প্রথম থেকেই পলাতক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।