আবারও পেছাল বিটিআরসির তরঙ্গ নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (টুজি) সেবা দেওয়ার জন্য অব্যবহৃত ১ হাজার ৮০০ মেগাহার্টজ এবং তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (থ্রিজি) জন্য অব্যবহৃত ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলাম আবার পিছিয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমান অবস্থায় তরঙ্গ নিলাম প্রক্রিয়া আরও কার্যকর ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে নীতিমালা সংশোধন করছে বিটিআরসি। শিগগিরই সংশোধিত নীতিমালা ও নিলামের তারিখ জানানো হবে।
তবে টেলিযোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তরঙ্গ নিলামের বিষয়ে অপারেটরদের আপত্তির কারণেই নিলাম পেছাতে হয়েছে। বিদ্যমান নানা সমস্যার সমাধান না হলে নতুন করে বিনিয়োগে যাওয়া সম্ভব নয়-অপারেটরদের এ ঘোষণার কারণে বিটিআরসিকে নতুন করে ভাবতে হয়েছে। এ ব্যাপারে নীতিমালা সংশোধন করে শীর্ষস্থানীয় টেলিফোন অপারেটর গ্রামীণফোনকে নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভেবেছে বিটিআরসি। অপারেটররা নিলামে না এলে নিলাম প্রক্রিয়া যাতে ঠিকমতো শেষ হতে পারে সে জন্য নতুন আরেকটি অপারেটরকে সুযোগ দেওয়ার কথাও মাথায় রেখেছে সংস্থাটি। এ বিষয়ে জানতে বিটিআরসির নীতি নির্ধারণী পর্যায়ের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বললেও তাঁদের কেউই উদ্ধৃত হতে চাননি। তবে বিটিআরসির এসব ভাবনার বিষয়গুলো নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তরঙ্গ নিলামের জন্য প্রথমে তারিখ ঠিক করা হয় ৩০ এপ্রিল। পরে একাধিকবার পিছিয়ে প্রথমে ২০ মে এবং পরে ২৭ মে নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল ফোন অপারেটরগুলো থেকে সাড়া না পাওয়ায় এবং নীতিমালা পরিবর্তন করায় আরও একবার পেছান হচ্ছে তরঙ্গ নিলাম।
৩০ এপ্রিল নিলাম অনুষ্ঠানের জন্য নিলামের নীতিমালা চূড়ান্ত করে অনুমোদন দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, ১ হাজার ৮০০ মেগাহার্টজের জন্য নিলামের ক্ষেত্রে প্রতি মেগাহার্টজের মূল্য নির্ধারণ করা হয় তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা। ২ হাজার ১০০ মেগাহার্টজের ক্ষেত্রে প্রতি মেগাহার্টজের মূল্য ২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা ধরা হয়েছে।
জিএসএম বা টুজির ক্ষেত্রে বাংলাদেশে অপারেটররা ১ হাজার ৮০০ মেগাহার্টজ ও তৃতীয় প্রজন্মের থ্রিজি নেটওয়ার্কের জন্য ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে। টুজির ১০ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ ও থ্রিজির জন্য ১০ মেগাহার্টজ তরঙ্গ এ নিলামে বিক্রি হওয়ার কথা। নির্ধারিত মূল্যে যদি এ তরঙ্গ বিক্রি হয়, তাহলে সরকারের রাজস্ব আসবে পাঁচ হাজার কোটি টাকা।
কিন্তু নীতিমালা তৈরির পর ১ মার্চ দেশের শীর্ষ চারটি মোবাইল কোম্পানির বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ঝুলে থাকা সমস্যার সমাধান না করা হলে ৩০ এপ্রিলের তরঙ্গ নিলামে তাদের এ-দেশীয় অপারেটররা অংশ নেবে না।
ওই চিঠিতে সই করেন গ্রামীণফোনের পক্ষে টেলিনরের প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস, রবির পক্ষে আজিয়াটা গ্রুপ বারহাদের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও দাতো শ্রি জামালউদ্দিন ইব্রাহিম, বাংলালিংকের পক্ষে ভিম্পেলকমের সিইও জো লানডার, এয়ারটেল বাংলাদেশের পক্ষে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল।
চিঠিতে বলা হয়, ২০১৩ সালে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ নিলামের সময় সরকারের পক্ষে বিটিআরসি কয়েকটি সমস্যা সমাধানে অপারেটরদের প্রতিশ্রুতি দিয়েছিল। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সিমকার্ড প্রতিস্থাপন কর-সংক্রান্ত মামলার সমাধান, নিলামে বিক্রি হওয়া তরঙ্গমূল্যের ওপর ধার্য করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার, বিদ্যমান টেলিযোগাযোগ আইন সংস্কার, তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত করা, কর কাঠামোর সংস্কার ইত্যাদি। উল্লিখিত সমস্যাগুলোর একটিও এখন পর্যন্ত সমাধান করা হয়নি। তাই তরঙ্গ নিলামে অংশ নিয়ে নতুন করে বিনিয়োগে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া কঠিন।
অপারেটরদের কাছ থেকে চিঠি পাওয়ার পর অনিশ্চিত হয়ে যায় তরঙ্গ নিলাম। গত এপ্রিল মাসে এ সমস্যা সমাধানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু সে বৈঠকেও বিষয়টি সুরাহা হয়নি।
এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি নিলামের নীতিমালা পরিবর্তনের সুপারিশ করে সরকারের কাছে পাঠিয়েছে বিটিআরসি। একই সঙ্গে নিলামের তারিখ পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। শিগগিরই নীতিমালার সংশোধন অনুমোদন হয়ে কমিশনের কাছে আসবে বলে আশা করছেন বিটিআরসির কর্মকর্তারা।
বিটিআরসি সূত্রে জানা গেছে, পুরোনো নীতিমালা অনুযায়ী, যেসব অপারেটরের জিএসএম ব্যান্ডের ২০ মেগাহার্টজের (৯০০ মেগাহার্টজ ও ১৮০০ মেগাহার্টজ) তরঙ্গ রয়েছে তারা এ নিলামে অংশ নিতে পারবে না। ওই নীতিমালা অনুযায়ী মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এ নিলামে অংশ নিতে পারত না। অপারেটরদের মধ্যে শুধু গ্রামীণফোনেরই ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ রয়েছে (৩২ মেগাহার্টজ)। প্রস্তাবিত নতুন নীতিমালায় যাদের ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ রয়েছে তাদেরও নিলামে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে গ্রামীণফোনও নিলামে অংশ নিতে করতে পারবে।
সংশোধিত নীতিমালায় সিটিসেলকে থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়াসহ আরও একটি নতুন অপারেটরকে তরঙ্গ কেনার সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।