আবারও পেছাল মগড়া সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন সেতুর পাশে বিকল্প পথ তৈরি করতেই কেটে গেছে এক বছর। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ। কিন্তু সেতু নির্মাণের অগ্রগতি সামান্যই। অতিবৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ চিত্র নেত্রকোনা শহরের মগড়া সেতু প্রকল্পের।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশে বিকল্প পথ তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনা পৌরসভার বাসিন্দারা বলেন, এ রকম পরিস্থিতিতে তাঁরা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। সড়কপথে নেত্রকোনার সঙ্গে সুনামগঞ্জ, ময়মনসিংহ, ঢাকাসহ প্রায় সারা দেশে যোগাযোগ করতে হলে মগড়া সেতু পার হওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ডিসেম্বরে মগড়া সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। সেতুটির দৈর্ঘ্য হবে ৭২ দশমিক ৬ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। ৯ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে কাজ পায় মেসার্স রিজভী কনস্ট্রাকশন নামের ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় এক বছর মেয়াদি এ প্রকল্প গত ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৬ সালের জানুয়ারিতে শুধু সেতুর এক পাশে বিকল্প পথ তৈরি করে কাজ বন্ধ হয়ে যায়। ২০ নভেম্বর অন্য পাশে (পূর্ব দিকে) দ্বিতীয় বিকল্প পথের কাজ শুরু হয়। পুরোনো সেতুটি ভাঙার কাজ শেষ হয় গত ১৫ ফেব্রুয়ারি। এরপর শুরু হয় মূল সেতুর পাইলিং। পাইলিং শেষে দুটির কলাম ডালাই করা হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২ মে থেকে কাজ বন্ধ হয়ে গেছে। বর্তমানে নদীর মাঝে স্টিলের পাটাতন দিয়ে যানবাহনসহ চলাচলের যে দুটি সাময়িক সেতু নির্মাণ করা হয়েছিল, তা হুমকির মুখে। আর আড়াই থেকে তিন ফুটের মতো পানি বাড়লে দুই দিকের বিকল্প পথ তলিয়ে যাবে। অস্থায়ী সেতু দুটির পিলারের গোড়া থেকে মাটি সরে নড়বড়ে হয়ে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হোসাইন আহম্মেদ মুঠোফোনে বলেন, পুরোনো সেতুটিতে পানি, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের লাইন ছিল। এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এগুলো বিচ্ছিন্ন করতে সময় লেগেছে। তা ছাড়া বিকল্প পথ ধরা ছিল একটি। কিন্তু জনস্বার্থে করা হয়েছে দুটি। জমি অধিগ্রহণ করতে সময় লেগেছে। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নভেম্বরের আগে সেতুটির নির্মাণকাজ ধরা সম্ভব হবে না।
শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামান চৌধুরী বলেন, বৃষ্টি কেবল শুরু হয়েছে। এখন থেকে আস্তে আস্তে পানি বাড়তে থাকবে। তখন লোকজনকে সীমাহীন দুর্ভোগে পড়তে হবে। সওজ কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণেই এমনটি হয়েছে।
সেতু নির্মাণের তদারকির দায়িত্বে থাকা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম বলেন, নদীতে আগাম পানি আসায় মগড়া সেতুর কাজ এখন বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সময় ক্ষেপণ করায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ে কাজ করতে প্রতিষ্ঠানটিকে এ পর্যন্ত পাঁচবার নোটিশ দেওয়া হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, বিকল্প এ দুটি পথের পাশে বস্তাভর্তি মাটি, বাঁশ ও কাঠ দিয়ে রক্ষার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে সহজে ভাঙবে না। নদীর পানি একটু কমলে আবার কাজ শুরু করা সম্ভব হবে।