আবারও পেছাল শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আবার পিছিয়েছে। আইনজীবীর ‘অসুস্থতার’ জন্য শুনানি পেছালেও এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত।
ফাঁসির আদেশ পুনর্বিবেচনা চেয়ে কামারুজ্জামানের আবেদন শুনানির জন্য গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দিন ধার্য ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। শুনানি চার সপ্তাহের জন্য মুলতবির আরজি জানিয়ে আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এই মামলার জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ‘অসুস্থ’।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা সর্বোচ্চ আদালতের সঙ্গে তামাশা করছেন। গতকালও আমি তাঁকে (খন্দকার মাহবুব) একটি টিভি চ্যানেলে দেখেছি। তিনি প্রেসের সঙ্গে কথা বলতে পারেন, আর কোর্টে আসতে পারেন না? এর আগেও তিনি “ব্যক্তিগত সমস্যা” দেখিয়ে সময় নিয়েছেন। পৃথিবীর কোথাও এই যুক্তিতে শুনানি মুলতবির নজির নেই।’ তিনি বলেন, আসামিপক্ষের এই মামলা শেষ করার ইচ্ছা নেই।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আগের দিনও আইনজীবী সমিতির সভায় উনি (খন্দকার মাহবুব) সভাপতিত্ব করেছেন। তিনি শুনানি মুলতবির বিরোধিতা করেন। পরে শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন প্রধান বিচারপতি।
এর আগে ৯ মার্চ খন্দকার মাহবুব হোসেনের ‘ব্যক্তিগত সমস্যার’ জন্য প্রথম দফায় শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।
২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির ওই আদেশ বহাল রাখেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে কারাগারে পাঠালে সেখানে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়। পরে ৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামারুজ্জামানের সাজা কার্যকর করতে পারবে না কারা কর্তৃপক্ষ।