আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারও সেই তিন মুক্তিযোদ্ধার মেয়ে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছেন। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের মেয়ে সোহানা শারমীন, ইলিয়াছ হোসেনের মেয়ে মাসুমা ইয়াসমিন এবং আজিজুর রহমানের মেয়ে আঞ্জুমান আরা ওরফে শাপলা। এই তিনজনই গতবারের উপজেলা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে নির্বাচিত হয়েছিলেন মাসুমা ইয়াসমিন।
সদর উপজেলা পরিষদের নির্বাচিত প্রথম চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের মেয়ে সোহানা শারমীন এবার ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন। তিনি লালমনিরহাটের কামরুন্নেছা ডিগ্রি কলেজের শিক্ষক। পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত। এই প্রার্থী বলেন, ‘সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের মানবিক অধিকার অর্জনে তাঁদের পাশে দাঁড়াতে এবারও আমি প্রার্থী হয়েছি। এবার আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।’
লালমনিরহাট পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক কমিশনার ও মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেনের মেয়ে মাসুমা ইয়াসমিন। তিনি নিজে একজন আইনজীবী। সেই সঙ্গে তিনি গতবার মহিলা ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন। এবারও তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমি গতবার নির্বাচিত হওয়ার পর যেখানেই নারী ও শিশুদের পক্ষে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি, সেখানেই ছুটে গেছি। আমার গতবারের ভূমিকা বিবেচনা করে ভোটাররা এবারও আমার পাশে থাকবেন।’ মাসুমা ইয়াসমিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মেয়ে আঞ্জুমান আরা হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনিও পেশাগত জীবনে একজন আইনজীবী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আঞ্জুমান আরা বিজয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। তিনি বলেন, ‘ব্যক্তিগত ও সাংগঠনিক পরিচিতি এবার আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।’