আবারও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন হাসিনা আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের সন্ধানে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীকে আবারও স্মারকলিপি দিয়েছেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ। গতকাল মঙ্গলবার তিনি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন।
এর আগে গত ১৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছিলেন হাসিনা আহমদ।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা বলেছি। আমি বলেছি, আমার সন্তানদের কথা মানবিকভাবে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যেন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, তারা যেন আমার স্বামীকে জনসমক্ষে হাজির করে।’
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ৪ নম্বর ফটকে আসেন হাসিনা আহমদ। সঙ্গে ছিলেন সালাহ উদ্দিনের ছোট ভাই গিয়াস উদ্দিন আহমদ ও তাঁর স্ত্রী শামীম আরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আবদুল হামিদ স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে হাসিনা আহমদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘পূর্বের মতোই আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি। আমি পুনরায় ব্যক্ত করছি যে, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন অথবা তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাঁকে অবিলম্বে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করার বিষয়ে আমার কোনো আপত্তি থাকবে না।’
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ।