আবারও পড়ালেখা শুরু মরিয়মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মরিয়ম খাতুন স্থানীয় প্রশাসনের উদ্যোগে আবারও পড়ালেখা শুরু করেছে। এর আগে গত ১৭ মার্চ তাকে বিয়ে দিয়ে লেখাপড়া বন্ধ করা হয়েছিল।
মরিয়ম, তার শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মরিয়ম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণির মানবিক শাখার ছাত্রী ও বৈকুণ্ঠপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে। তার ইচ্ছার বিরুদ্ধে গত ১৭ মার্চ তাকে বিয়ে দেওয়া হয়। সে একবারই শ্বশুরবাড়িতে যায়। এরপর সে আর শ্বশুরবাড়ি যায়নি। এ অপরাধে তার মা, বড় ভাই, এক চাচি ও পাশের বাড়ির কয়েকজন তাকে নির্যাতন করেন। পরে সে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নেয় ও পড়ালেখা করার আগ্রহ প্রকাশ করে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হলে ৩ এপ্রিল বিদ্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈনুল ইসলাম, সদস্য সুরুতজামান, লিটন মাহমুদ ভুঁইয়া, আবদুল খালেক সরকার, ইউপি সদস্য ফরহাদ আলী, গ্রামের মুরব্বি আবদুল মালেক, মেয়েটির মা কোহিনূর বেগম উপস্থিত ছিলেন। মেয়েটির অভিযোগ আমলে নিয়ে তাকে শ্বশুরবাড়িতে না পাঠিয়ে ও নির্যাতন না করে পড়ালেখার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। এরপরও তার ওপর নির্যাতন চলতে থাকে। ফলে মেয়েটি বাড়ি থেকে বের হয়ে ইউপি সদস্য ফরহাদের বাড়িতে আশ্রয় নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আবদুস সালামের নেতৃত্বে আবারও ২৩ এপ্রিল বৈঠক হয়। সেখানে মরিয়মকে পড়ালেখা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। যেহেতু তার বিয়ে নিবন্ধন করা হয়নি, তাই তালাকের বিষয়টি চেয়ারম্যান সুরাহা করবেন। মরিয়মের পড়ালেখার খরচ বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
মরিয়ম গতকাল শনিবার মুঠোফোনে বলে, আবারও পড়ালেখার জন্য বিদ্যালয়ে আসতে পারায় আনন্দ হচ্ছে। পড়ালেখা করতে চাইলেও বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে তাকে জোর করে বিয়ে দিয়েছিলেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম বলেন, ‘মেয়েটির পাশে দাঁড়ানোর কারণে কিছু মানুষের কাছে আমি শত্রু হয়ে গেছি। এরপরও মেয়েটি আবারও পড়ালেখার সুযোগ পেয়েছে এ জন্য খুশি।’
মেয়েটির মা বলেন, বিয়ের পর মেয়ে ঝামেলা শুরু করে। সবার পরামর্শ আবারও মেয়েকে পড়তে দিয়েছেন।
ইউপি চেয়ারম্যান সালাম বলেন, ইউএনওর নির্দেশে মেয়েটির পড়ালেখার ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও ইকবাল আখতার বলেন, মরিয়ম নিজেই বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে পড়ালেখার সুযোগ করে দেওয়া হয়েছে।