আবারও ফখরুলের র্যাব বিলুপ্তির দাবি

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে খুলনার শহীদ মহারাজ চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি জানান তিনি।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত্বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘মানুষের জীবন রক্ষা না করে র্যাব এখন মানুষের জীবন হরণ করছে। বিএনপি র্যাব তৈরি করেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য। এখন র্যাব ব্যবহার হচ্ছে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের গুম করার কাজে। র্যাব এখন আর দরকার নেই। র্যাবকে বিলুপ্ত করা হোক।’
গোটা দেশ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সাতক্ষীরায় প্রতিদিন কাউকে না কাউকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। নেতা-কর্মীদের ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করে দিচ্ছে পুলিশ। মা-বোনদের কান্না আর সহ্য করা যাচ্ছে না।’ মির্জা ফখরুল দাবি করেন, গত চার মাসে শুধু বিএনপিরই ৩১০ জনকে হত্যা করা হয়েছে। ৬১ জনের কোনো খোঁজ নেই।
এর আগে মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে মির্জা ফখরুলের সমাবেশ করার কথা ছিল। কিন্তু সেখানে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি বিএনপির নেতাদের জানানো হয়। পরে নগরের মহারাজ চত্বরে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। জাতিসংঘ পার্কে সমাবেশের অনুমতি না দেওয়ায় দুপুরে সেখানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক আবদুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বিএনপির জেলা সাধারণ সম্পাদক শফিকুল আলম, জেলা সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা প্রমুখ।