গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত সোমবার রাত থেকে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। একই সময় বেশ কটি ছোট-বড় গাড়ি নিয়ে দৌলতদিয়া চ্যানেল পার হওয়ার সময় ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ রো রো ফেরি ডুবোচরে আটকা পড়েছে। আটকা পড়েছে দুটি টাগবোটও।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নৌপথের দুই প্রান্তের ঘাটে আটকা পড়ে আছে পণ্যবাহী কয়েক শ যানবাহন ও শতাধিক ছোট গাড়ি। পারাপারের অপেক্ষায় থাকাকালে গতকাল মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়েছে এক রোগীর। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৯টি গাড়ি নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিকল্প অ্যাপ্রোচ চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করে। ফেরিটি চ্যানেলের শেষে গিয়ে স্রোতের ধাক্কায় অপ্রশস্ত চ্যানেলের অগভীরে ডুবোচরে আটকা পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হলে মাওয়া থেকে আনা টাগবোট আইটি-৩৯৪-এর সহায়তায় প্রায় নয় ঘণ্টা পর গতকাল সকাল সাতটার দিকে সেটিকে উদ্ধার করা হয়। এ অবস্থায় সোমবার রাতেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র আরও জানায়, ফেরিটিকে উদ্ধারের পর সকাল ১০টার দিকে পাটুরিয়া থেকে ১৪টি গাড়ি নিয়ে কে-টাইপ ফেরি ‘কেতকী’ ছেড়ে এসে চ্যানেলে প্রবেশ করতে গিয়ে তীব্র স্রোতের মুখে পড়ে। এ সময় টাগবোট ‘আশা-১’-এর সহায়তায় সেটিকে চ্যানেলে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। কিন্তু টাগবোট ও স্রোতের ধাক্কায় ফেরিটি কয়েক হাজার ফুট ভাটিতে গিয়ে আরেকটি ডুবোচরে আটকা পড়ে। পরে টাগবোট ‘আশা-২’ দিয়ে সেটিকে উদ্ধারের চেষ্টা চালানো হলে দুপুর সাড়ে ১২টার দিকে তার ছিঁড়ে টাগবোটসহ ফেরিটি উল্টে যাওয়ার উপক্রম হয় এবং ফেরিটি আরও দূরে ভাটিতে চলে যায়। পরে ফেরিটি পাটুরিয়ায় ফিরে যায়।
গতকাল দুপুরে দুই ঘাট ঘুরে দেখা যায়, তীব্র স্রোতের কারণে একেকটি স্পিডবোটকেই নদী পাড়ি দিতে সময় লাগছে আধা ঘণ্টা বা এর বেশি। ফেরি কেতকীকে সাহায্য করতে গিয়ে বিআইডব্লিউটিএর ওই দুই টাগবোট ঘাট থেকে কয়েক কিলোমিটার ভাটিতে ডুবোচরে আটকা পড়ে রয়েছে। ফেরি পারাপার বন্ধ থাকায় দুই ঘাটেই কয়েক কিলোমিটার দীর্ঘ সিরিয়ালে পণ্যবাহী শত শত ট্রাক ও সেই সঙ্গে শতাধিক ছোট গাড়ি দাঁড়িয়ে আছে। এর আগে গত রোববার থেকে ৭২ ঘণ্টার জন্য এই পথে বাস পারাপার বন্ধ ছিল।
এদিকে দৌলতদিয়ায় আটকে থাকা অ্যাম্বুলেন্সে একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সের চালক আশরাফুল ইসলাম জানান, সোমবার দিবাগত ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হূদেরাগে আক্রান্ত ৩০ বছরের এক যুবককে ঢাকায় নিতে গিয়ে ঘাটে প্রায় ছয় ঘণ্টা আটকে থাকার পর গতকাল সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে রাজবাড়ীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, দুটি চ্যানেল খননের পর সংশ্লিষ্ট বিভাগের লোকজন পানির গভীরতা মেপে যথেষ্ট মনে হলেও কার্যত তা পাওয়া যাচ্ছে না। একদিকে চ্যানেলে তীব্র স্রোত, অন্যদিকে পানির গভীরতা ও চ্যানেলের প্রশস্ততা কম থাকায় ফেরিগুলো চলতে পারছে না।
ঘাটে অবস্থানরত পানিসম্পদ মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএসের জ্যেষ্ঠ কর্মকর্তা এ টি এম কামাল হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগেও চ্যানেলের ভেতর স্রোতের তীব্রতা ছিল ঘণ্টায় দুই নটিক্যাল মাইল। সোমবার রাত থেকে এটি বেড়ে হয়েছে ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ নটিক্যাল মাইল। এ অবস্থায় আল্লাহর ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় দেখছি না।’
বিআইডব্লিউটিএর খনন বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘পাঁচটি ড্রেজিং যন্ত্র প্রস্তুত রেখেও তীব্র স্রোতে কোনো যন্ত্রই বসাতে পারছি না। নারায়ণগঞ্জ থেকে শক্তিশালী টাগ জাহাজ ‘দুর্বার’কে আনা হয়েছে। সেটি যদি বিকেলের মধ্যে (গতকাল) চ্যানেলে দুই দফা আসা-যাওয়া করতে পারে, তা হলে ফেরি চলাচল করতে পারবে। এর পাখার ঘূর্ণিতে বালু-মাটি খননের সঙ্গে সঙ্গে চ্যানেল গভীর ও প্রশস্তও হবে।’
বিকল্প পথ ব্যবহারের অনুরোধ: ফেরি চলাচল বিঘ্নিত হওয়া প্রসঙ্গে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনার তীব্র স্রোত ও ভাঙনে দৌলতদিয়া অঞ্চলের কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেখানকার মাটি, ঘরবাড়ি, আসবাব ও গাছপালা নৌ-চ্যানেলে এসে পড়ায় এবং নদীর তলদেশে প্রচুর পলি জমায় পাটুরিয়া-দৌলতদিয়া পথে স্বাভাবিক ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এই পথে ফেরি চলাচল স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত ফেরি ব্যবহারকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।