পদ্মায় তিন দিন ধরে দ্রুত পানি কমতে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধের আশঙ্কা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
তবে বিআইডব্লিউটিএ-এর খনন বিভাগ বলছে, পানি কমলেও স্রোতের বেগ কম থাকায় এবং দৌলতদিয়া চ্যানেলে খননকাজ অব্যাহত থাকায় তেমন সমস্যা হবে না। এদিকে ফেরি-স্বল্পতার কারণে গতকাল রোববার বিকেল পর্যন্ত নৌপথটির দুই প্রান্তের ঘাটে প্রায় ৪০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।
সরেজমিনে গতকাল বিকেলে দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে এক কিলোমিটার দীর্ঘ লাইনে রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ১ নম্বর ফেরিঘাট বরাবর একটি ড্রেজার দিয়ে এবং ৩ নম্বর ঘাট বরাবর দুটি ড্রেজার দিয়ে নদী খননের কাজ চলছে। আর ২ নম্বর ঘাট চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। কিন্তু দ্রুত পানি কমতে থাকায় একটি ফেরি কম লোড নিয়ে ১৮টি ট্রাকের পরিবর্তে ১০-১১টি ট্রাক নিয়ে চলাচল করছে। ট্রাক না নিলে ১২-১৩টি যাত্রীবাহী বাস নিয়ে চলছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বর্তমানে পাঁচটি রো রো (বড়) ও পাঁচটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে দ্রুত পানি কমতে থাকায় ফেরিগুলো পূর্ণ লোড নিয়ে চলতে পারছে না। যেভাবে পানি কমছে, তাতে এভাবে দু-তিন দিন চললে ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, আবার পানি বাড়লে স্রোতের গতিবেগও বেড়ে যাবে। তখন খননকাজে সমস্যা হতে পারে।