মেঘনার স্রোত ও ভাঙন তীব্র হওয়ায় চার দিনের মাথায় গতকাল বুধবার আবারও ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। দুই ঘাটে আটকে পড়েছে দুই শতাধিক মালবাহী যান ও যাত্রীবাহী বাস।
ভোলা সদর উপজেলার বিশ্বরোডের মাথায় নবনির্মিত ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক থেকে গ্যাংওয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাড়ি ওঠানামা করতে পারছে না।
ঘাটে আটকে থাকা মালবাহী ট্রাকচালকদের অভিযোগ, কর্তৃপক্ষের অসততার কারণে ফেরিঘাটটি গত দুই মাসে তিনবার বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, মেঘনার ভাঙনে ২৫ জুলাই ভোলার ইলিশা ফেরিঘাট মেঘনায় বিলীন হলে ভোলা- লক্ষ্মীপুর নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়। পরে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বিশ্বরোডের মাথায় নতুন ফেরিঘাট নির্মিত হয়। ১০ আগস্ট বিশ্বরোডের মাথার ফেরিঘাট থেকে ফেরি চালু হওয়ার ১৩ দিনের মাথায় ২৩ আগস্ট নতুন ঘাটটি মেঘনায় বিলীন হয়ে যায়। এতে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিএ ঘাট সংস্কার করলে গত রোববার ফেরি চলাচল শুরু হয়। চার দিনের মাথায় গতকাল ভাঙনে আবার ঘাট বিধ্বস্ত হয়। এরপর বিআইডব্লিউটিএ ঘাটটি পরিত্যক্ত ঘোষণা করে।
বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার কবীর বলেন, পাউবো সঠিক সময়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় ঘাটটির গ্যাংওয়ে অ্যাপ্রোচ সড়ক থেকে সরে গেছে। আশা করা যায়, ঈদের আগে সেটি সংস্কার করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, ফেরিঘাটে প্রায় ২৮ হাজার বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। আগামী শুক্রবার জিও টিউব ফেলা হবে।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ২১ জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। এ জন্য দ্রুত ঘাট সংস্কার করে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।