আবারও বন্য হাতির হামলা, নিহত ১
মাত্র এক দিনের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে মোমেনা বেওয়া (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামের মৃত ফজল হকের স্ত্রী। হাতির আক্রমণে মোমেনার ঘরটিও বিধ্বস্ত হয়। আজ শনিবার ভোরে সীমান্তঘেঁষা তাওয়াকুচা গ্রামে এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত চার মাসে বন্য হাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে ১০ জন নিহত হলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে হাতির আক্রমণে ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর ও গুরুচরণ দুধনই গ্রামে আইতুননেছা, জহুরুল হক ও আবদুল হাই নামের তিনজন নিহত হন।
উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, দেড় মাস ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী পানবর, গুরুচরণ দুধনই, বাকাকুড়া, ছোট গজনী, বড় গজনী ও তাওয়াকুচা গ্রামে অবস্থান করছে। এদেরই একটি দল আজ ভোরে তাওয়াকুচা গ্রামে মোমেনার বাড়িতে আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই হাতি মোমেনাকে পিষ্ট করে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। হাতির দল তাঁর বসতঘরটি ভাঙচুর ও কয়েক একর জমির উঠতি আমন ধানও নষ্ট করে।
বন বিভাগ, তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, হাতির আক্রমণের ভয়ে তাওয়াকুচা গ্রামের অধিকাংশ লোকজন এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেলেও বিধবা মোমেনা তাঁর বাড়িতেই থেকে গিয়েছিলেন। হাতির আক্রমণে তাঁর করুণ মৃত্যু হলো।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা। আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে তিনি বলেন, সরকারি নিয়মানুযায়ী নিহত মোমেনার পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে।
কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আনারউল্লাহ প্রথম আলোকে বলেন, বন্য হাতির অত্যাচার এখন দুর্যোগে পরিণত হয়েছে। খাদ্যের সন্ধানে প্রায় প্রতিদিনই হাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসছে। হাতির দল পাহাড়ের ঢালে আবাদ করা ধানখেতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ে মাড়িয়ে সাবাড় করছে। লোকজনও মেরে ফেলছে। বন্য হাতির তাণ্ডব থেকে জানমাল রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।