আবারও বাঁধে ভাঙন বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলাকবলিত গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে আবারও ভাঙন শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাঁধের গাবুরা গ্রাম এলাকায় ৪৫ ফুট এবং নেবুবুনিয়া গ্রামে ৫৫ ফুট ভেঙে গেছে। এতে গাবুরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আযম জানান, গতকাল দুপুরে কপোতাক্ষ নদে জোয়ারে পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের গাবুরা গ্রামের ৪৫ ফুট ও নেবুবুনিয়ার ৫৫ ফুট ভেঙে যায়। এ ছাড়া নাপিতখালী, পারশেমারী, খোলশেবুনিয়া ও নেবুবুনিয়া গ্রামের ঝুঁকিপূর্ণ বাঁধ উপচে জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে। সাতক্ষীরা পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান জানান, বাঁধ ভাঙার খবর পাওয়ার পর শ্যামনগরের সেকশন অফিসারকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এলাকাবাসী জানান, গত বছর আইলার আঘাতে পাউবো বেড়িবাঁধ ভেঙে গাবুরা ইউনিয়নের ১৫টি গ্রাম তলিয়ে যায়। আইলায় ক্ষতিগ্রস্ত গাবুরা গ্রামে বাঁধের বেশির ভাগ স্থান এখনো মেরামত করা হয়নি। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান অভিযোগ করেন, বাঁধ সংস্কারের জন্য প্রায় এক মাস আগে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারেরা এখনো কাজ শুরু করেননি।