আবারও বাংলা একাডেমির দায়িত্ব নিলেন শামসুজ্জামান
আরও তিন বছর বাংলা একাডেমির মহাপরিচালক পদে থাকছেন ফোকলোরবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান। আবারও এই পদে নিয়োগ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন তিনি।
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
একাডেমির সাবেক সচিব এবং বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন এবং একাডেমির পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একাডেমির কর্মচারী ইউনিয়নও মহাপরিচালককে ফুল দিয়ে স্বাগত জানায়।
প্রতিক্রিয়ায় অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘আগামী দিনগুলোতে আমার লক্ষ্য হবে বাংলা একাডেমিকে একটি গবেষণা প্রবণ আন্তর্জাতিক মানের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা।’ বাংলা একাডেমির ষাট বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি। একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শামসুজ্জামান খান।