আবারও বিমানের চেয়ারম্যান হচ্ছেন জামালউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত জামালউদ্দিন আহমেদকে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করার প্রস্তাব করেছে বিমান মন্ত্রণালয়। প্রস্তাবটি অনুমোদনের জন্য এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামালউদ্দিনসহ আগের পরিচালনা পর্ষদের প্রায় সবাইকে বহাল রেখেই পুনর্গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। জানতে চাইলে বিষয়টি বিমানমন্ত্রী রাশেদ খান মেনন স্বীকার করেছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে সোনা চোরাচালানে বিমানের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার বিষয়ে আলোচনা হয়। এর প্রতিকারে বিমান কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা অবিলম্বে কার্যকর করার সুপারিশ করা হয়। পরে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, সোনা চোরাচালান ও চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সোনা চোরাচালানের বিষয়ে মন্ত্রণালয়ের তদন্ত জমা দেওয়ার জন্য আরও ১৫ দিন সময় নেওয়া হয়েছে। প্রতিবেদনটি গতকাল রোববার জমা দেওয়ার কথা ছিল।
ফারুক খান বলেন, বিমানবন্দরের হ্যাঙ্গার সংরক্ষিত এলাকা। অথচ সেখানে দীর্ঘদিন থেকে একটি খাবারের ক্যানটিন পরিচালিত হচ্ছে। কমিটি মনে করে, এই ক্যানটিনে সোনা চোরা কারবারিদের যাতায়াত রয়েছে। হ্যাঙ্গার থেকে ক্যানটিন হয়ে চোরাই সোনা বাইরে পাচার করা হয়। সে জন্য কমিটি এই ক্যানটিনটি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে।
ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আলী আশরাফ, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দীন সরকার, সাবিহা নাহার বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।