আবারও ভাঙনে বিপর্যস্ত দৌলতদিয়া ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের র‍্যামের নিচে সংযোগ সড়কের প্রায় ৩৫ ফুট অংশ বিলীন হয়ে যায়। ঘাটে ভিড়তে না পেরে এভাবেই বেশ কয়েকটি ফেরি ভাসতে থাকে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: এম রাশেদুল হক
পদ্মার ভাঙনে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের র‍্যামের নিচে সংযোগ সড়কের প্রায় ৩৫ ফুট অংশ বিলীন হয়ে যায়। ঘাটে ভিড়তে না পেরে এভাবেই বেশ কয়েকটি ফেরি ভাসতে থাকে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: এম রাশেদুল হক

তীব্র স্রোতে পদ্মার ভাঙনে আবারও বিপর্যয়ের মুখে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট। সবগুলো ঘাটে ফেরি ভিড়তে না পারায় দুই পাড়েই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। এ অবস্থার উন্নতি না হলে আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা কতটা নির্বিঘ্ন হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

প্রায় দুই মাস ধরে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ঘাট এলাকায় ভাঙন দেখা দেওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের র‌্যামের নিচ থেকে সংযোগ সড়কের প্রায় ৩৫ ফুট অংশ পদ্মায় বিলীন হলে ঘাট বন্ধ হয়ে যায়। এ ছাড়া ১ নম্বর ঘাটটি ভাঙনের কারণে গত ৬ আগস্ট থেকে বন্ধ রয়েছে। এতে করে চারটির মধ্যে দুটি ঘাটই বন্ধ থাকায় বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ৩ নম্বর ঘাটের বাম পাশের র‌্যামের সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ২ ও ৪ নম্বর ঘাট চালু থাকলেও ২ নম্বর ঘাটে তীব্র স্রোত থাকায় শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট রো রো ফেরি ভাষা সৈনিক ডা. গোলাম মওলা ও ভাষা শহীদ বরকত ছাড়া অন্য কোনো ফেরি ভিড়তে পারছে না। ফলে কার্যত এই ঘাটটিও অচল। ৪ নম্বর ঘাটে ভিড়তে না পেরে ফেরি জট লেগে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রকৃতি বিরূপ আচরণ করলে ঈদুল আজহার সময় পরিস্থিতি কি হবে তা একমাত্র আল্লাহই জানেন।’

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, নদী পাড়ি দিতে না পেরে ঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার সড়ক জুড়ে দুই লাইনে পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ কয়েক শ যানবাহন আটকে আছে। যশোর থেকে আসা ঈগল পরিবহনের যাত্রী বেলায়েত হোসেন বলেন, ‘প্রায় ৫ ঘণ্টা ধরে আটকে আছি। কিন্তু এখনো ফেরিতে উঠতে পারিনি।’ ট্রাক চালক আলমগীর হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা থেকে এসে এখনো আটকে আছি। আমার মতো অন্তত শতাধিক ট্রাক দুই দিন ধরে ঘাটে আটকে আছে।’

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ‘৩ নম্বর ঘাটের ওপর অনেকটা আশাবাদী ছিলাম কিন্তু শুক্রবার মধ্যরাতে সেটি ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে যায়। এটি ঠিক করতে গিয়ে প্রায় এক মাস বন্ধ থাকা ১ নম্বর ঘাট চালু করতেও দেরি হচ্ছে। আগামী সোম বা মঙ্গলবারের আগে চালু করা সম্ভব না।’

ঈদের আগে ঘাটের পরিস্থিতি দেখতে আজ শনিবার বেলা একটার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক এসএম মাহফুজুল হক নুরুজ্জামান দৌলতদিয়ায় আসেন। ৩ ও ৪ নম্বর ঘাট ঘুরে দেখে সাংবাদিকদের তিনি জানান, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী সার্বক্ষণিক ঘাট পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। যাত্রী পারাপার বা নৌযান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে এ জন্য সার্বক্ষণিক কাজ চলছে।

পদ্মার ভাঙনে দৌলতদিয়া ফেরি ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে আটকা পড়ছে কোরবানির পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন। ছবিটি শনিবার বেলা দুইটার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক
পদ্মার ভাঙনে দৌলতদিয়া ফেরি ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে আটকা পড়ছে কোরবানির পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন। ছবিটি শনিবার বেলা দুইটার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

এ সময় তাঁর সঙ্গে রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘নদী ভাঙনে বারবার ঘাটের র‌্যাম ভেঙে যাচ্ছে। ফেরির সংখ্যা স্বাভাবিক থাকলেও ঘাট সংকটে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। ঘাটে প্রায় পাঁচ শ গাড়ি আটকে আছে। শুধু ৪ নম্বর ঘাট দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। দ্রুত চালু না হলে ঈদে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। যানবাহন ও মানুষের পারাপার যাতে বিঘ্ন না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এ জন্য পুরো ঘাট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’