আবারও ভেজাল দুধের কারবার
বেশ কিছুদিন বন্ধ থাকার পর পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় আবারও ভেজাল দুধ তৈরি করা হচ্ছে। সম্প্রতি দুধের চাহিদা বেড়ে যাওয়ায় এবং প্রশাসনের উদাসীনতার সুযোগে একশ্রেণীর ব্যবসায়ী ভেজাল দুধ তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।২০০৮ সালের ৩১ অক্টোবর পাবনার বেড়া, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলা এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভেজাল দুধ তৈরির ওপর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসন ব্যাপক অভিযান চালিয়ে ভেজাল দুধ এবং দুধ তৈরির কাজে ব্যবহূত নানা উপাদানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। ওই সময়ে ভেজাল দুধ তৈরি অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। তার ওপর গত বছরের জানুয়ারির পর দুধের চাহিদা কমে যাওয়ায় তা পুরোপুরিই বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় প্রশাসনের নজরদারিও। কিন্তু গত বছরের আগস্ট থেকে দুধের চাহিদা বাড়তে থাকলে সরকারি ও বেসরকারি দুধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বাড়িয়ে দেয়।একদিকে দুধের চাহিদা বৃদ্ধি, অন্যদিকে প্রশাসনের নজরদারি বন্ধ হয়ে যাওয়ার সুযোগে আবারও শুরু হয়েছে একশ্রেণীর ব্যবসায়ীর ভেজাল দুধ তৈরির কাজ। অভিযোগ রয়েছে, ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে বেসরকারি দুধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের কয়েকটি কেন্দ্রে। আর এসব কেন্দ্রের ব্যবস্থাপক অথবা তত্ত্বাবধায়কেরা জেনেশুনেই এই দুধ নিচ্ছেন। এই দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে পাঠানো হচ্ছে সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান কেন্দ্রে।তবে দুধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের দুধ শতভাগ ভেজালমুক্ত বলে দাবি করেছেন। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের এলাকা ব্যবস্থাপক অরবিন্দ রুদ্র বলেন, ‘প্রতিটি সংগ্রহকেন্দ্রেই দুধ পরীক্ষার জন্য উন্নত ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এগুলোর সাহায্যে নিবিড়ভাবে পরীক্ষার পর দুধ সংগ্রহ করা হয়। কাজেই বিন্দুমাত্র ভেজাল দুধও আমাদের কারখানায় ঢোকার উপায় নেই।’ প্রাণ ডেইরির আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ উদ্দিন তরফদার বলেন, ‘আমরা কোয়ালিটির সঙ্গে বিন্দুমাত্রও কম্প্রোমাইজ করছি না। আমাদের সংগৃহীত প্রতি ফোঁটা দুধই বিশুদ্ধ।’ একই দাবি করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এলাকা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ।অনুসন্ধানে জানা যায়, কারখানার ছানার পানিই ভেজাল দুধ তৈরির প্রধান উপকরণ। প্রথমে ছানার পানিতে লোহা কাটার জন্য ব্যবহূত কাটিং ওয়েল দেওয়া হয়। এরপর এতে ননি, গুঁড়ো দুধ, চিনি, লবণ, খাওয়ার সোডা ও দুধের কৃত্রিম সুগন্ধি মিশিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ। এই দুধ ভালো রাখতে এতে মেশানো হয় পার-অক্সাইড ও ফরমালিন।সরেজমিন ঘুরে ও এলাকাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়া উপজেলার পেঁচাকোলা, হাটুরিয়া, নাকালিয়া এবং সাঁথিয়া উপজেলার সরিষা, সোনাতলা প্রভৃতি স্থানে দুধ ব্যবসায়ীরা গোপনে ভেজাল দুধ তৈরি করছেন। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায় আবারও ভেজাল দুধ তৈরি হচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।বেড়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘ভেজাল দুধ তৈরির কথা আবারও শোনা যাচ্ছে। এ ব্যাপারে অভিযানের জন্য বিষয়টি আমি ইউএনও মহোদয়কে বলেছি।’ ইউএনও হাসানুল মতিন বলেন, ‘এ সংক্রান্ত অভিযোগ আমার কানে এসেছে। শিগগিরই মোবাইল কোর্ট গঠন করে অভিযানে নামা হবে।’