আবারও ভোটযুদ্ধে শিক্ষক-ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে শিক্ষক ও ছাত্রের লড়াই জমে উঠেছে। এঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রফিকুর রহমান ও তাঁর ছাত্র বিএনপি-সমর্থিত শামীম আহমেদ চৌধুরী।
রফিকুর রহমান কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের শিক্ষক ও শামীম আহমদ এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এ ছাড়া রফিকুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার। শামীম আহমেদ চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান।
গতবারের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে রফিকুর রহমান ও বিএনপি থেকে শামীম আহমেদ প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে সেবার আওয়ামী লীগ থেকে একাধিক নেতা প্রার্থী হন। ফলে ছাত্র শামীম আহমেদের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন রফিকুর রহমান। এবার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে রফিকুর রহমানকে সমর্থন দিয়েছে। তাই এবার তিনি বিজয়ী হতে পারেন বলে অনেকে মনে করছেন। তবে শামীম আহমেদও শক্তিশালী প্রার্থী। তাই শিক্ষক-ছাত্রের এ ভোটযুদ্ধে এবার কে বিজয়ী হবেন, তা দেখতে কমলগঞ্জবাসীকে আরও ১১ দিন অপেক্ষা করতে হবে। এ উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহণ হবে।
শামীম আহমেদ বলেন, ‘রফিকুর রহমান আমার কলেজজীবনের সরাসরি শিক্ষক। সে হিসেবে সব সময়ই তিনি আমার শ্রদ্ধার মানুষ। তবে রাজনীতির মাঠে তিনি আমার প্রতিদ্বন্দ্বী। ভোটাররা যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই ভোট দেবেন।’ তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরের নানা রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রতিকার চায় জনগণ। তাই এবারও সাধারণ ভোটাররা এ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে (শামীম) নির্বাচিত করবেন।
রফিকুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে জনমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছি। জনগণ অবশ্যই আমার মূল্যায়ন করবেন। তা ছাড়া দলের একক প্রার্থী হিসেবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সবাই মিলে আমার হয়ে কাজ করছেন। তাই এবার জয়ের বিষয়ে আমি পুরোপুরি আশাবাদী।’