আবারও মনু নদে বিষ প্রয়োগ করে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদের পানিতে বিষ প্রয়োগ করে আবারও মাছ নিধন করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার ভোররাতে বিষ প্রয়োগের পর মরে যাওয়া মাছ নিয়ে গিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেছে বলে জানা গেছে।এ নিয়ে ১৭ দিনের ব্যবধানে তৃতীয় দফা মনু নদে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটল। এর আগে গত ১৫ ও ২৫ অক্টোবর ওই নদের পানিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে দুর্বৃত্তরা।স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকালেও মনু নদের পানিতে ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে। এলাকার গরিব লোকজন সেসব মাছ নিয়ে যাচ্ছে। মনু নদে দফায় দফায় বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন না। শরীফপুর ইউপি চেয়ারম্যান জানান, উজানে নদের ভারতীয় অংশে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে থাকে।শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা (কমলগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সরেজমিনে শরীফপুরে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে লোকজন বিষ প্রয়োগকারীদের নাম প্রকাশ করছে না।