ট্যানারি স্থানান্তর প্রক্রিয়ার বিষয়টি মাথায় রেখে দেড় বছর আগে মালিকপক্ষের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা অনেক মালিক মানছেন না বলে অভিযোগ করেছেন শ্রমিকনেতারা।
গতকাল বুধবার হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত সমাবেশে শ্রমিকনেতারা এই অভিযোগ করেন।
মালিক ও শ্রমিকপক্ষের মধ্যকার চুক্তি অনুযায়ী, প্রতিটি ট্যানারির অন্তত ২০ শতাংশ অস্থায়ী শ্রমিককে স্থায়ীকরণ, শ্রমিকদের ভবিষ্য তহবিলের হিসাবসহ নিয়োগ ও প্রত্যয়নপত্র দেওয়ার কথা।
গতকালের সমাবেশে শ্রমিকনেতারা বলেন, চুক্তি না মেনে অনেক কারখানার মালিক ট্যানারি বন্ধের কয়েক দিনের মাথায় শ্রমিক ছাঁটাইয়ের কাজে নেমেছেন। এটা বিশ্বাস ভঙ্গের শামিল। এই অবস্থা চলতে থাকলে ট্যানারি শিল্পের বৃহত্তর স্বার্থে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা দাবি আদায়ে যে আন্দোলন চলছে, তা ক্ষতিগ্রস্ত হবে।
৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর হাজারীবাগের ট্যানারিগুলোর সেবা সংযোগ বন্ধ করে দেয়। এরপর ১০ এপ্রিল মালিক-শ্রমিকসহ চামড়া খাতের ১৩টি সংগঠনের সমন্বয়ে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদ মহাসমাবেশ করে ৯ দফা দাবি পেশ করে। ১৫ এপ্রিল এই দাবি বাস্তবায়নে ঐক্য পরিষদ সমাবেশ, মৌন মিছিল, মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করে। সে অনুসারে বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচি পালিত হয়ে আসছে। বর্তমানে ঐক্য পরিষদভুক্ত সংগঠনের সংখ্যা ১৯টিতে দাঁড়িয়েছে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মালিকেরা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসছেন অভিযোগ করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও ঐক্য পরিষদের সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘মালিকের সঙ্গে শ্রমিকের স্বার্থরক্ষার যে প্রতিশ্রুতিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তা অনেক মালিকই মানছেন না। অনেকের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ আছে। কেউ কেউ মজুরি দিতেও টালবাহানা করছেন।’
এই অবস্থা চলতে থাকলে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদের চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য করে এই শ্রমিকনেতা আরও বলেন, ‘মালিকেরা যদি ভেবে থাকেন, শ্রমিকের স্বার্থ রক্ষা না করেই তাঁরা সফল হবেন, এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে তাঁরা ভুল ভাবছেন। তাঁদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য হলেও শ্রমিকদের বিষয়টি ভাবা উচিত।’
এর আগে ১৮ এপ্রিল একই স্থানে ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মালিকদের উপস্থিতিতে একই ধরনের অভিযোগ করেছিলেন শ্রমিকনেতারা। এর পরিপ্রেক্ষিতে চুক্তি বাস্তবায়নসহ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, যে মালিকেরা চুক্তি মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।