আবারও মিছিলে যাওয়া বাধ্যতামূলক ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস পর আবার ছাত্রলীগ রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের আবাসিক সব ছাত্রকে মিছিলে যাওয়া বাধ্যতামূলক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা গতকাল বুধবার ছাত্রাবাসের বাইরের ফটকে তালা দিয়ে ছাত্রদের মিছিলে যেতে বাধ্য করে।
সাধারণ ছাত্ররা জানান, ছাত্রলীগের নেতারা গত পাঁচ বছর ছাত্রাবাসের সব ছাত্রকে তাঁদের মিছিলে যেতে বাধ্য করেন। অভিযোগ রয়েছে, মিছিলে না যাওয়ার কারণে তাঁরা সাধারণ ছাত্রদের মারধর করেন। এ বিষয়ে ২০১১ সালের ২৭ অক্টোবর প্রথম আলোয় ‘মিছিলে না যাওয়ার জের, ছাত্রাবাস তালাবদ্ধ করে ছাত্রদের পেটাল ছাত্রলীগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত বছরের ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের আধিপত্য বাড়তে থাকে। ছাত্রলীগ এ সময় অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। তাদের নেতারা ছাত্রাবাসে নিয়মিত আসা-যাওয়া বন্ধ করে দেন। এ সময় ছাত্রদলও সাধারণ ছাত্রদের সঙ্গে একই আচরণ শুরু করে।
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভবনের পত্রিকার স্ট্যান্ডের পাশের দেয়ালে বঙ্গবন্ধুর পোর্ট্রেট ও তার নিচে পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং নির্মলেন্দু গুণের একটি কবিতাসংবলিত ক্রোড়পত্র বাঁধাই করে লাগানো ছিল। রাতারাতি তা হাওয়া হয়ে যায়।
ছাত্রলীগের মতোই ছাত্রদল সাধারণ ছাত্রদের মিছিলে যেতে বাধ্য করে। হরতালে পিকেটিং করার জন্যও তাঁদের সঙ্গে নিয়ে যেতে শুরু করে। ছাত্রদল দেয়ালে দেয়ালে তাদের পোস্টার সাঁটতে শুরু করে। তাদের আধিপত্যের বিষয়ে গত ২৯ অক্টোবরে প্রথম আলোয় ‘রাজশাহী কলেজ হোস্টেল/ছাত্রদের ঘুম কেড়ে নিয়েছে হরতালকারীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সাধারণ ছাত্ররা জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পর ছাত্রদলের নেতা-কর্মীদের ছাত্রাবাসে অবস্থান করতে দেখা গেলেও তাঁরা মিছিলের জন্য অন্য কাউকে ডাকছেন না।
চার মাস পর গতকাল বুধবার ছাত্রলীগ ছাত্রাবাসে এসে সাধারণ ছাত্রদের ডেকে মাঠে নামায়। তারা মুসলিম ছাত্রাবাসের ভেতরে ভবনের সামনে দিয়ে মিছিল করে। এ সময় ছাত্রাবাসের প্রধান ফটকে তালা লাগিয়ে কড়া পাহারা বাসনো হয়, যাতে কেউ বাইরে যেতে না পারেন।
ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রকি ঘোষ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াত-শিবির সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে যে নাশকতা করেছে, তার প্রতিবাদে তাঁদের মিছিল ছিল। ছাত্রাবাসের ভেতরে তাঁরা শুধু একটা পাক দিয়েছেন। মিছিল করেছেন বাইরে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের খবর শুনে থাকলে ভুল শুনেছেন।