আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে এবার বেনামি চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হুমকি পাওয়া মুহাম্মদ হাসান ইমাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
হুমকির ঘটনায় গতকাল দুপুরে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক। এর আগে ৮ মে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম প্রদীপকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।
অধ্যাপক হাসান ইমাম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মমতাজ উদ্দিন কলা ভবনে তাঁর চেম্বারে দরজার হাতলের সঙ্গে তিনি একটি খাম দেখতে পান। খামের ওপর কোনো ঠিকানা লেখা ছিল না। তবে লাল কালিতে ‘লাল বার্তা’ লেখা এবং খামের দুই পাশে দুটি ক্রস চিহ্ন দেওয়া ছিল। খামের মধ্যে এক লাইনে লেখা একটি চিরকুট ছিল। তাতে লেখা, ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র নয় এবার আপনার নিজের খণ্ড-বিখণ্ড দেহ চিত্রের জন্য প্রস্তুত থাকবেন।’ এরপর বেলা আড়াটার দিকে নগরের মতিহার থানায় তিনি জিডি করেন। অধ্যাপক হাসান ইমাম সম্প্রতি মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র নামে একটি বই প্রকাশ করেন। ওই অধ্যাপকের লেখা উন্নয়ন অনুন্নয়ন, বাংলাদেশের গ্রাম, সামাজিক গবেষণা পদ্ধতিসহ বেশ কিছু বই রয়েছে। মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বলেন, অধ্যাপক হাসান ইমাম থানায় জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তাঁর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে এই বিশ্ববিদ্যালয়ে। প্রক্টর দপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে প্রায় ২৭ জন শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এঁদের কাউকে অজ্ঞাত নম্বর থেকে, আবার কাউকে চিঠি দিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। অনেকের কাছ থেকে চাঁদা চেয়েও হুমকি দেওয়া হয়েছে।