আবারও রিমান্ডে পোশাক ব্যবসায়ী এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার পোশাক ব্যবসায়ী এনামুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাছান গতকাল সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবুল হাশেম জানান, শুনানির সময় এনামুল বলেছেন যে তাঁর কাছ থেকে পোশাক নেওয়ার কথা বলে তাঁকে ১৬ লাখ টাকা দিয়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি কার্যাদেশ বাতিল করেন। কার্যাদেশ বাতিলের পর ওই ব্যক্তির কথামতো এনামুল টাকাগুলো একটি ব্যাংক হিসাবে ফেরত দেন। তবে তিনি জানতেন না হিসাব নম্বরটি কার।
৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগ থানার তালতলা এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁকে বাঁশখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরপর গত বৃহস্পতিবার এনামুলকে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।