নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাব সদস্য রুহুল আমিনকে তৃতীয় দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িরচালক ইব্রাহিম অপহরণ ও হত্যা মামলায় গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে গতকাল সকালে হাজির করা হয় ল্যান্স করপোরাল রুহুল আমিনকে। এ সময় তাঁকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল এসব কথা জানান।
ওসি আরও জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলামসহ অপর পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় এর আগে রুহুল আমিনকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় তাঁকে প্রথম দফায় সাত দিন ও দ্বিতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ব্যাপারে তাঁর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার সম্ভাবনা থাকায় গতকাল তাঁকে আদালতে তুলে নতুন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
র্যাব সদস্য রুহুল আমিন কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর গাড়িতে তুলে প্রথমে চেতনানাশক ছিটিয়ে তাঁদের অচেতন করেন। এরপর সবার মুখে পলিথিন বেঁধে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন। সাত খুনের ঘটনায় গ্রেফতার র্যাব কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ অন্যরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এ তথ্য দিয়েছেন।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রুহুল আমিন। ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন গত ২৭ এপ্রিল অপহরণের শিকার হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় এ পর্যন্ত র্যাবের কর্মকর্তাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ, রানাসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।