আবারও সংকটে খুলনা হার্ডবোর্ড মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর বন্ধ থাকার পর চালু হওয়া খুলনা হার্ডবোর্ড মিলে নতুন করে সংকট দেখা দিয়েছে। যান্ত্রিক ত্রুটি, লোডশেডিং সমস্যা ও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে এই কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে কারখানাটি আবার বন্ধ হয়ে যেতে পারে বলে শ্রমিকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
কারখানার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২১ এপ্রিল মূলধন-সংকটের কারণে কর্তৃপক্ষ এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে কর্তৃপক্ষ এটি চালু করার জন্য বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ও সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানায়।
একপর্যায়ে অর্থ মন্ত্রণালয় বিসিআইসির নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী ২০১২ সালের ২২ নভেম্বর ছয় কিস্তিতে ১০ কোটি টাকা দেওয়া হয়। আট মাস রক্ষণাবেক্ষণের কাজ শেষে চলতি বছরের ১৫ আগস্ট এটি চালু করা হয়।
কয়েকজন শ্রমিক জানান, চালু হওয়ার দুই দিন পর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নানা কারণে বেশ কয়েকবার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর মধ্যে ১৭ থেকে ২০ ও ২৫ আগস্ট পানির পাম্পে সমস্যা, ২৮ থেকে ২৯ আগস্ট সেকেন্ডারি রিফাইনারি বেয়ারিং বদল, ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হট প্রেসের ৩ নম্বর র‌্যামের প্যাকিং বদল, ৯ সেপ্টেম্বর হট প্রেসের প্রধান র‌্যামের প্যাকিং বদল এবং ১৭ সেপ্টেম্বর লোডশেডিংয়ের কারণে উৎপাদন বন্ধ থাকে।
কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিন এখানে ৫০ হাজার বর্গফুট হার্ডবোর্ড উৎপাদন করা সম্ভব। সেই হিসাবে ১৫ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ লাখ বর্গফুট হার্ডবোর্ড উৎপাদিত হওয়ার কথা। কিন্তু ১২ দিন বন্ধ থাকায় এ পর্যন্ত মাত্র পাঁচ লাখ ১৮ হাজার বর্গফুট হার্ডবোর্ড উৎপাদন করা হয়েছে।
কারখানার সিবিএর সাবেক সভাপতি মো. আবদুল হান্নান জানান, যান্ত্রিক ত্রুটি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এখানে উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমিন বলেন, ‘পুরোনো যন্ত্রপাতি থাকায় উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের সমস্যা সমাধানের জন্য আমরা নিয়মিত পিডিবির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।’