আবারও সংলাপের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সর্বসম্মত উপায় খুঁজে বের করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমাও গতকাল এক বিবৃতিতে হরতালসহ দেশজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ফোনালাপের এক দিন পর ড্যান মজীনা গতকাল এ বিবৃতি দিলেন। তিন দিনের দিল্লি সফর শেষে মজীনা গত শনিবার সকালে ঢাকায় ফিরেছেন।

দিল্লি সফরে ড্যান মজীনা বাংলাদেশের চলমান রাজনীতি, নির্বাচন ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

একজন সাবেক মার্কিন কূটনীতিক প্রথম আলোকে জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারাও বাংলাদেশের রাজনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও জোট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করলেও এ ব্যাপারে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকছে ভারত। দিল্লি মনে করে, এটি একান্তভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান: গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ড্যান মজীনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে টেলিফোন আলাপসহ সামপ্রতিক অগ্রগতিতে তিনি অনুপ্রাণিত। এই ইতিবাচক অগ্রগতির ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে, যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সব রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্র এই বার্তা দিচ্ছে যে, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং তা গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না। সহিংসতা ও হত্যাকাণ্ডের যেসব ঘটনা ঘটেছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাই।’

মজীনার দিল্লি সফর: দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের আমন্ত্রণে ড্যান মজীনার দিল্লি সফরটি হয়েছে। এই সফর দুই দিনের হওয়ার কথা থাকলেও ভারতের আগ্রহে তা এক দিন বেড়েছে। ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আশা প্রকাশ করায় মজীনা দিল্লিতে এক দিন বেশি অবস্থান করেন।

মজীনার সঙ্গে ভারতের কর্মকর্তাদের আলোচনায় বাংলাদেশের বর্তমান-ভবিষ্যৎ এবং আগামী দিনের নির্বাচনের প্রসঙ্গগুলো এসেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দুই দেশই আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছে। আলোচনায় ভারতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে সন্ত্রাসবাদকে উসকে দিতে পারে, এমন যেকোনো শক্তির উত্থানের ব্যাপারে সজাগ থাকতে হবে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও দুই দেশের অবস্থানগত কিছু মতপার্থক্য আছে। তাই একে অন্যকে বুঝতে ও বোঝানোর অংশ হিসেবে ড্যান মজীনার এই সফর বলে সূত্রগুলো বলছে।

তবে মজীনার এ সফরের পর দুই দেশের অবস্থানের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে ওয়াশিংটন ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। ভারত মনে করছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া উচিত।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি সূত্র গতকাল সকালে প্রথম আলোকে জানিয়েছে, এ মুহূর্তে ড্যান মজীনার বেইজিং সফরের কোনো পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের পোশাকশিল্পের বিষয়ে একটি সম্মেলনে অংশ নিতে ডিসেম্বরে তাঁর হংকং সফরের কথা রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজধানীতে জল্পনা চলছিল, ভারত সফরের পর চীনের রাজধানী বেইজিং যাবেন ড্যান মজীনা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন। তাই ধারণা জন্মায় যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের পর চীন সফর করবেন মজীনা।

জাপানের উদ্বেগ: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল এক বিবৃতিতে বলেন, ‘রাজধানী ঢাকাসহ বাংলাদেশজুড়ে সহিংসতা ও বৈরিতা বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়নের অংশীদার হিসেবে সব ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানাই। সেই সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়ানোর মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানাই।’