দেশের বেশির ভাগ অঞ্চলে মৌসুমি বায়ু আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাজধানীর আকাশে সকাল থেকে মেঘ ও সূর্যের লুকোচুরি শেষে সন্ধ্যার পর শুরু হয় বৃষ্টি।উপকূলজুড়েও দমকা হাওয়া বইছে। আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, মংলা বন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।বন্ধের দিন হওয়ায় বিকেল থেকে নামা বৃষ্টি জনজীবনে কোনো ভোগান্তি বাড়ায়নি, বরং গত কয়েক দিনের টানা গরম শেষে একপশলা বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে আসে। তবে কক্সবাজার, খুলনা-বাগেরহাট ও বরিশাল উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি ছিল।আবহাওয়াবিদ সানাউল হক এ ব্যাপারে প্রথম আলোকে জানান, কয়েক দিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় ছিল। আজ দেশের উপকূলের বেশির ভাগ অঞ্চলসহ মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়েছে। আজও একই ধরনের বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ু প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং বায়ুর চাপের তারতম্য বেড়ে গেছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দর উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণকেন্দ্রের হিসাবে গতকাল রাত নয়টা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কক্সবাজারে ২০, মংলায় ১০ ও ঈশ্বরদীতে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার।