আবারও সুরঞ্জিতের অনুষ্ঠান বর্জন করলেন অবনীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল কেলেঙ্কারির ঘটনায় আলোচিত দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সংসদীয় এলাকায় (সুনামগঞ্জ-২) আবারও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ ঘটেছে। গতকাল রোববার দলটির তৃণমূল পর্যায়ের একটি অংশের নেতা-কর্মীরা সুরঞ্জিত সেনগুপ্তের বিভিন্ন অনুষ্ঠান বর্জন করেন। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, অনুষ্ঠান বর্জনকারী তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নেতৃত্বে রয়েছেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনীমোহন দাস। জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার মুক্তারপুর দাড়াইন নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল সাড়ে চারটায় ভেড়াডহর-মুছাপুর নদীভাঙন রোধ প্রকল্প—এ দুটি উন্নয়নকাজের উদ্বোধন হয়। এসব উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেন অবনী-সমর্থিত স্থানীয় নেতা-কর্মী ও আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান। এদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সমন্বয় সভা হয়। এতে অবনীমোহন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। সভায় অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর বক্তৃতায় উপজেলার টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে যেন কোনো দুর্নীতি না হয়—সে ব্যাপারে উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। একই সূত্র জানায়, স্থানীয় সাংসদের বক্তৃতার পর উপজেলা চেয়ারম্যান দিরাই-শাল্লা সংযোগ সড়ক এবং দাড়াইন নদীর ঘুঙ্গিয়ারগাঁও অংশে সেতু নির্মাণকাজে দুর্নীতি হচ্ছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন। উভয়ে বক্তৃতা করলেও কেউ কারও বক্তব্যের কোনো উত্তর দেননি। নাম প্রকাশ না করার শর্তে ওই সভায় অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন একই মেরুতে অবস্থানকারী সুরঞ্জিত ও অবনী পাশাপাশি চেয়ারে বসলেও কারও সঙ্গে কেউ কোনো কথা বলেননি।এ ব্যাপারে সুরঞ্জিত-সমর্থক আওয়ামী লীগের নেতা মুহিন চন্দ্র দাশ বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে অবনী ও তাঁর লোকজনকে দাওয়াত করেছি। কিন্তু তাঁরা অনুষ্ঠানে যোগ দেননি।’ অবণী-সমর্থিত শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে আমরা ওই অনুষ্ঠান বর্জন করি।’আড়াই মাস ধরে সুরঞ্জিত সেনগুপ্ত ও অবনীমোহন দাসের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব চলে আসছে। গত ৮ অক্টোবর শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। আটগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত সেই সমেঞ্চলন অবনীমোহন দাসসহ তাঁর অনুসারীরা বর্জন করেছিলেন। এতে স্থানীয় আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্য রূপ নেয়। এর পর থেকেই দুই ধারায় বিভক্ত হয়ে স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।