আবারও সেই বৃদ্ধার ঠাঁই হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম-পরিচয়হীন এক বৃদ্ধাকে গুরুতর অবস্থায় গত বুধবার নারায়ণগঞ্জের খানপুরে তিন শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা, খাবার ও কাপড়ের ব্যবস্থা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম।
হাসপাতাল সূত্র জানায়, দুই মাস আগে ষাটোর্ধ্ব এই বৃদ্ধাকে হাসপাতালে ফেলে রেখে যান তাঁর ছেলের স্ত্রী ও এক নাতি। এ ঘটনায় তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। হারিয়ে ফেলেন কথা বলার শক্তি। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতে অন্য রোগীদের সমস্যা হলে কয়েক দিন আগে তাঁকে শয্যা থেকে সরিয়ে হাসপাতাল চত্বরে মসজিদ-সংলগ্ন এক কোনায় রেখে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ইউএনও গত বুধবার বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করান।
ইউএনও রোববার প্রথম আলোকে জানান, বৃদ্ধার অবস্থা এখন একটু ভালোর দিকে। মনে হচ্ছে, মানসিক কষ্টের কারণে তিনি বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। স্বজনদের পাওয়া গেলে তাঁদের কাছে তাঁকে তুলে দেওয়া হবে। অন্যথায় চিকিৎসা শেষে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
গাউছুল আজম আরও জানান, কেউ বৃদ্ধাকে পুনর্বাসনের ব্যবস্থা করতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ অথবা তাঁর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিউল আজিম বলেন, বৃদ্ধাকে হাসপাতালের নিয়ম অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
এর আগে গত বছরের ১৫ জুলাই সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় হাসিনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে উদ্ধার করে মণ্ডলপাড়ায় এক শ শয্যা হাসপাতালে ভর্তি করান ইউএনও। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর সৈয়দপুর এলাকায় আয়েশা আলমাছ বৃদ্ধা পুনর্বাসন কেন্দ্রে তাঁকে পুনর্বাসন করা হয়। এরপর ৫ ডিসেম্বর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মারা যান।