নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকা মার্কায় ভোট চাইলেন জাতীয় পার্টির মহাসচিব হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে মহাজোট সরকারের বিকল্প নেই। তাই আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’ আর ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি হারুন আল রশিদ গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন; না হলে নির্বাচনে উদ্ভূত পরিস্থিতির দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে বলে হুমকি দিয়েছেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে। নির্বাচনে নিজেদের ভরাডুবি হবে জেনে তারা সেনা মোতায়েন করছে না। কিন্তু জনগণের ভোট ছিনতাই করলে সরকারের পরিণতি ভালো হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন হবে। সেনা মোতায়েন করা না হলে নির্বাচন থেকে সরে আসবেন কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘সেনা মোতায়েন না হলেও আমরা নির্বাচন করব। কিন্তু আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ওসমান ফারুক, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা বিএনপির নেতারা।সংবাদ সম্মেলন ছাড়াও বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুবের পক্ষে গতকাল একটি জনসভা হয় সদর উপজেলার রামরাইল বাজারে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের জনসভা: নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিকেলে মহাজোট প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জনসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, জাসদের নেতা শিরিন আক্তার, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈনউদ্দিন, মহাজোটের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতারা।সমাবেশে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আমি আজ এখানে এসেছি নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া একসময় মহকুমা ছিল। আমি জেলা করেছি। মহাজোটের প্রার্থী মোকতাদির চৌধুরী এই এলাকার অনেক উন্নয়ন করেছেন। কাজেই নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের সম্মান রাখুন।’এরশাদ বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসনে দেশ জর্জরিত ছিল। আমরা এ থেকে দেশকে মুক্ত করেছি। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করেছি। কৃষককে বাঁচাতে সারে ভর্তুকি দিচ্ছি। দেশে আজ অনাহার-মঙ্গা নেই। আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি। একটি বাড়ি একটি খামার হচ্ছে। বিদ্যুতের সমস্যার সমাধান করছি আমরা।’ তিনি বলেন, ‘ইসলামও থাকবে। বিসমিল্লাহও থাকবে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা এগিয়ে চলছি উন্নয়নের দিকে। আগামী তিন বছরের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হবে। আপনারা এখানে নৌকাকে বিজয়ী করুন। কথা দিচ্ছি, সব সমস্যার সমাধান করব।’তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির সাংসদেরা সংসদে যান না। তাঁদের প্রার্থী নির্বাচিত হলে তিনিও সংসদে যাবেন না। কাজেই এলাকার উন্নয়নের স্বার্থেই আপনারা নৌকায় ভোট দেবেন। আর এই এলাকার আওয়ামী লীগের প্রার্থী রবিউল মোকতাদির মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। তিনি এলাকার উন্নয়নের জন্য সদা চেষ্টা করেন। কাজেই তিনি সাংসদ নির্বাচিত হলে এলাকার মানুষেরই বিজয় হবে। আপনারা আপনাদের বিজয় নিশ্চিত করুন।