আবারও স্কুলের মাঠে দোকান নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা আবারও নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে পাকা দোকানঘর নির্মাণ শুরু করেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম বলেন, ‘গত বছরের শুরুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় প্রভাবশালীরা একজোট হয়ে খেলার মাঠ দখল করে আটটি দোকানঘর নির্মাণ শুরু করেন। এ ব্যাপারে তখন আমাকে কিছুই জানানো হয়নি। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হয়। আমি প্রশাসনের কাছে ঘর নির্মাণ বন্ধের আবেদন করি। অবশেষে পুলিশের বাধার মুখে দখলদারেরা দোকানঘর নির্মাণ বন্ধ করে দেন। কিন্তু গতকাল শুক্রবার সকালে আবারও তাঁরা নির্মাণকাজ শুরু করেছেন। আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা-পুলিশকে জানিয়েছি।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুনছুর রহমান বলেন, ‘বহু আগে থেকেই বিদ্যালয়ের সামনে দোকানঘর ছিল। গত বছর দোকানঘরগুলো পাকা করার কাজ শুরু করা হয়। প্রশাসনের অনুরোধে এত দিন নির্মাণকাজ বন্ধ ছিল। যেহেতু দোকানঘরের বেশির ভাগ কাজ হয়েই গেছে। তাই আবার নির্মাণকাজ শুরু করা হয়েছে। এতে বিদ্যালয়ের কোনো ধরনের ক্ষতি হবে না। দোকানমালিকেরা বিদ্যালয়কে প্রতি মাসে কিছু টাকাও দেবেন।’বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশা করছি, তাঁরা আর নির্মাণকাজ চালিয়ে যেতে পারবেন না।’ গত বছরের ৮ জানুয়ারি প্রথম আলোর ৫-এর পাতায় ‘স্কুলের মাঠে আ.লীগ নেতা-কর্মীদের আট দোকান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।