আবারও স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেনিস খেলে খুব অল্প লোক। আমরা সবাই ফুটবল বা ক্রিকেট খেলতে পছন্দ করি। মাঠের ভেতরে টেনিস কোর্ট তৈরি বন্ধ করে আমাদের খেলার সুযোগ করে দিন। আমরা খেলতে চাই।’
রাজধানীর ধানমন্ডি মাঠে গতকাল শুক্রবার সকালে আয়োজিত এক নাগরিক সমাবেশে কথাগুলো বলছিল স্কুলছাত্র ফারহান। নানা শ্রেণী-পেশা-বয়সের মানুষের কণ্ঠে ছিল একই সুর—ধানমন্ডি খেলার মাঠে ক্রীড়া স্থাপনা নির্মাণ বন্ধ হোক।
আন্দোলনকারীদের দাবির মুখে ধানমন্ডি খেলার মাঠের নিয়ন্ত্রণকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ গত ২৪ এপ্রিল তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। প্রায় দুই বছর আগে মাঠটিতে সবার প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে ধানমন্ডি শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ। তবে মাঠ উন্মুক্ত হলেও গত মার্চ মাস থেকে মাঠে শুরু হওয়া দুটি ব্যাডমিন্টন, দুটি টেনিস ও একটি বাস্কেটবল কোর্টের নির্মাণকাজ এখনো চলছে। মাঠটি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনকারীদের একটি মিছিল ১৯ এপ্রিল ফটক খুলে ঢুকে পড়লে সেদিন ক্লাব কর্তৃপক্ষ চারজনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা করে।
ধানমন্ডি মাঠে এসব স্থাপনা নির্মাণ বন্ধ ও মাঠ রক্ষা আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মামলা বাতিলের দাবিতে ছিল গতকালের সমাবেশ। এতে সভাপতিত্ব করেন স্থপতি মোবাশ্বের হোসেন। মাঠে ক্রীড়া স্থাপনা নির্মাণের বিরোধিতা করে তিনি বলেন, এর উদ্দেশ্যই হচ্ছে বাকি মাঠটি দখল করা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ধানমন্ডি শেখ জামাল ক্লাব নামে কোনো ক্লাবকে এ মাঠটি বরাদ্দ দেওয়া হয়নি। ক্লাবটি অবৈধভাবে মাঠটি দখল করে আছে। পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনে শেখ জামাল ক্লাবের গভর্নিং বডির তালিকায় চেয়ারম্যান হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নাম দিয়েছে উল্লেখ করে কমিশনারকে পদত্যাগের আহ্বান জানান মোবাশ্বের হোসেন।
সমাবেশে সংহতি জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘একের পর এক উন্মুক্ত স্থান ভূমিদস্যুদের হাতে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের শিশুরা স্বাস্থ্যহীন ও মানসিক বিকাশহীন হয়ে পড়বে। এর জন্য ভবিষ্যতে অনেক মূল্য দিতে হবে আমাদের।’
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য বলেন, মাঠটি দখল করা জনস্বার্থ ও সংবিধানবিরোধী।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘আমাদের এই ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, তিনি জলাশয়, উন্মুক্ত স্থান ও খেলার মাঠ রক্ষার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর আহ্বানে এগিয়ে এসেছি মাত্র।’
পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সমন্বয়কারী আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জালাল আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ।