
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কালুখালী থেকে ভাটিয়াপাড়া রেললাইন চালু করে দিলাম। আজ (শনিবার) রেলমন্ত্রী রেলগাড়ি নিয়ে কালুখালী থেকে ভাটিয়াপাড়া যাবেন।’
আগামী জাতীয় সংসদ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘৯০ ভাগ আসন থাকার পরও আমরা সর্বদলীয় সরকার গঠন করতে চেয়েছি। আমার আর কোনো চাওয়া নেই। আমি শুধু নৌকা মার্কায় ভোট চাই আপনাদের সেবা করার জন্য। আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করা হয়েছে। আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে।’
বিরোধীদলীয় নেতা মুখে শান্তির বাণী ও কথা বলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা বায়তুল মোকাররমে শত শত কোরআন শরিফ পোড়ায়, তারা কি ইসলামে বিশ্বাস করে?
প্রধানমন্ত্রী বেলা পৌনে তিনটায় হেলিকপ্টারে করে পাংশা জর্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অবতরণ করেন। সেখান থেকে পাংশা ডাকবাংলোয় এবং এরপর পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে জনসভাস্থলে উপস্থিত হন। সেখানে তিনি নবনির্মিত কালুখালী উপজেলা পরিষদ, কালুখালী-ভাটিয়াপাড়া রেল যোগাযোগ প্রকল্প (রাজবাড়ী জেলার অংশ), চন্দনা-বারাশিয়া নদী খনন প্রকল্প (রাজবাড়ী জেলার অংশ), পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনা ব্রিজ, পাংশা সাব-রেজিস্ট্রি কার্যালয়, গোয়ালন্দ ঘাট থানা ভবন, রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্প, দৌলতদিয়া থেকে মংলা (দিগরাজ) পর্যন্ত সংযোগকারী মহাসড়কের খানখানাপুর সেতু এবং রাজবাড়ী প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনসভায় প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাংসদ কাজী কেরামত আলী, রেলমন্ত্রী মজিবুল হক, ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ জিল্লুল হাকিম।